আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের মুখে। ইতিমধ্যেই রেফারিং নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে লাল কার্ড দেখার অপরাধ সত্ত্বেও কোনও কার্ড দেখানো হয়নি লিওনেল মেসিকে। সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। সরগরম হয় সোশ্যাল মিডিয়া। এবার ইংল্যান্ড-ঘানা ম্যাচের একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ইন্টারনেট। ঘানার ফরোয়ার্ড প্রিন্স কোয়াবেনা আদুকে বক্সের মধ্যে ফেলে দেয় এজরি কনসা। কিন্তু কার্ড দেখানো হয়নি ইংল্যান্ডের ডিফেন্ডারকে। পেনাল্টিও দেওয়া হয়নি। এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (VAR)। যা নিয়ে ক্ষুব্ধ ঘানা শিবির।

ঘটনাটি ম্যাচের ৭৯ মিনিটে ঘটে। প্রায় ইংল্যান্ডের গোলের মুখে পৌঁছে যান আদু। তাঁকে আটকাতে পায়ের সামনে ঝাঁপিয়ে পড়েন কনসা। নিঃসন্দেহে ফাউল। কিন্তু দেয়নি রেফারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন রেফারি ড্যারেন ক্যান জানান, ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে ইংল্যান্ড। পেনাল্টি হওয়া উচিত ছিল। ক্যান বলেন, 'এজরি কনসার চ্যালেঞ্জ দেখে আমরা আঁতকে উঠেছিলাম। ইংল্যান্ড ফ্যান হিসেবে পেনাল্টি না দেওয়ায় খুশি। তবে সত্যি বলতে, এটার জন্য VAR নেওয়া উচিত ছিল। কনসার সঙ্গে বলের কোনও সম্পর্ক ছিল না। প্রতিপক্ষকে ফেলে দেয়। আমার কাছে এটা পেনাল্টি।'

কেন VAR হস্তক্ষপ করেনি, সেই বিষয়টিও তুলে ধরেন। অবসরপ্রাপ্ত রেফারির দাবি, স্পষ্ট ভুল চোখে না পড়লে, রেফারির সিদ্ধান্তকেই গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে তাঁদের হয়ত ভুল মনে হয়নি। ক্যান বলেন, 'এই টুর্নামেন্টে বেশিরভাগ সময় রেফারির সিদ্ধান্তকেই সমর্থন করা হয়েছে। নিশ্চিত ভুল মনে না হলে, সাধারণত এটাই হয়।' গোলশূন্য ড্রয়ে ইংল্যান্ডকে রিয়ালিটি চেক দেয় ঘানা। খেতাবের খরা কাটাতে অনেক মেরামত করতে হবে টুখেলকে।