আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের মঞ্চে মিশরের প্রথম জয়ের পর উচ্ছ্বসিত মহম্মদ সালাহ। ঐতিহাসিক জয়ে অবদান রাখেন তারকা ফুটবলার। ৯২ বছর ২৫ দিন আগে বিশ্বকাপে অভিষেক হয় মিশরের। কিন্তু প্রায় ১০০ বছরের ইতিহাসে বিশ্বমঞ্চে জয় পায়নি। সোমবার নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় মিশর। তিন গোলদাতা মোস্তাফা জিকো, মহম্মদ সালাহ এবং ত্রেজেগুয়ে। ৯২ বছরে প্রথম জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত সালাহ। ক্লাউড নাইনে পৌঁছে যান।  

ম্যাচ শেষে সালাহ বলেন, 'অবিশ্বাস্য। কথায় কীভাবে ব্যাখ্যা করব জানি না। প্লেয়ার এবং স্টাফদের জন্য বিরাট স্বীকৃতি। আশা করছি আমরা এইভাবেই চালিয়ে যেতে পারব। ইতিহাস সৃষ্টি করে পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করার চেষ্টা করব। ভবিষ্যতে মিশরের ফুটবলের ইতিহাসে যা দৃষ্টান্ত হয়ে থাকবে।' নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুধু জয়সূচক গোল করেননি, প্রথম মিশরীয় ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল করার নজির গড়েন। একসঙ্গেই মিশরের সবচেয়ে বর্ষীয়ান প্লেয়ার হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ড করেন। ছাপিয়ে যান ম্যাগডি আবদেল ঘানিকে। ১৯৯০ বিশ্বকাপে নেদারল্যান্ডের বিরুদ্ধে যখন গোল করেন ঘানি, তাঁর বয়স ছিল ৩০ বছর ৩২০ দিন। এদিন তাঁকে পেছনে ফেললেন সালাহ।

ম্যাচের সেরা হন মিশরের তারকা। জানান, দল ভাল খেলেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। তিন গোল করার পাশাপাশি একাধিক সুযোগ পায়। ফ্যানদের খুশি করতে, বিশ্বকাপে যতদূর সম্ভব যেতে চান তাঁরা। সালাহ বলেন, 'আমরা গ্রুপ শীর্ষে। তবে পরের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। দিনটা আমরা সেলিব্রেট করব। তারপর তৃতীয় রাউন্ডে ইরান ম্যাচের প্রস্তুতি শুরু করব।' ইরানের বিরুদ্ধেও একই ধারাবাহিকতা বজায় রাখতে চান সালাহ।