আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের ম্যাচে ২ ঘণ্টা ১১ মিনিটের বিরতি! ফুটবল ভক্তরা যে ভয় পেয়েছিল, ফ্রান্স বনাম ইরাক ম্যাচে সেই কাণ্ডই ঘটে। প্রথমবার আবহাওয়াজনিত কারণে ২ ঘণ্টা ১১ মিনিট বন্ধ খেলা। এই প্রথম এমন ঘটনার সাক্ষী থাকল বিশ্বকাপ। ফিলাডেলফিয়ায় বজ্রপাত সহ বৃষ্টির জন্য মাঝপথেই খেলা বন্ধ হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংক্রান্ত কড়া প্রোটোকল আছে। প্লেয়ার, সমর্থকদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য খেলা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। যার ফলে ম্যাচ শেষ হতে প্রায় চার ঘণ্টা লেগে যায়। বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম ম্যাচ। 

স্থানীয় সময় ৫টা ৪৯ মিনিটে বিরতি হয়। কিন্তু ১৫ মিনিটের হাফ টাইম ২ ঘণ্টা দীর্ঘায়িত হয়। রাত ৮টা পর্যন্ত খেলা শুরু হয়নি। বজ্রপাতের পাশাপাশি বৃষ্টিও শুরু হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। যার ফলে খেলা শুরু করা যায়নি। শেষপর্যন্ত খেলা শুরু হওয়ার চার ঘণ্টা পরে শেষ হয়। ৩-০ গোলে জেতে ফ্রান্স। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। একটি গোল করেন উসমানে ডেম্বেলে। চলতি বিশ্বকাপে প্রথমবার খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ শেষ হতে দেরি হয়। তবে এমন ঘটনা পুরোপুরি অপ্রত্যাশিত নয়। গত মরশুমে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব ওয়ার্ল্ড কাপেও এমন ঘটেছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার স্টেডিয়াম কভার করার ব্যবস্থা রাখা হয়। ভাল প্রস্তুতি এবং পরিকল্পনার জন্য বিশ্বকাপের প্রথম ১২দিন এমন পরিস্থিতির মোকাবিলা করতে হয়নি। 

ফ্রান্স এক গোলে এগিয়ে থাকাকালীন বিরতিতে সাপোর্টারদের গ্যালারি ছেড়ে কভার জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জানানো হয়, ঝড় ধেয়ে আসছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ২ ঘণ্টা ১১ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার ম্যাচ শুরুর ক্লিয়ারেন্স দেয় সংগঠকরা। প্রথমে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত খেলা শুরু হতে ৮টা বেজে যায়। স্থানীয় সংগঠকদের নিয়মকানুন কড়া। মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইল দূরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে, খেলা বন্ধ করে দিতে হবে। আবার খেলা শুরু করতে, অন্তত ৩০ মিনিট আবহাওয়া পরিষ্কার থাকতে হবে। তারমধ্যে বজ্রপাত হলে, খেলা আরও ৩০ মিনিট পিছিয়ে দেওয়া বাধ্যতামুলক। এই নিয়মের জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে, এবং ম্যাচ শেষ হতে প্রায় চার ঘণ্টা লেগে যায়।