আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর কড়া ভাষায় নেইমারের সমালোচনা করলেন জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথাউস। তাঁর দাবি, ব্রাজিলের বিদায়ে তিনি সন্তুষ্ট এবং মাঠে নেইমারের অতিরিক্ত অঙ্গভঙ্গি এবং অভিযোগ করার অভ্যাস তিনি আর সহ্য করতে পারছেন না। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে পেনাল্টি থেকে দলের একমাত্র গোল করেন নেইমার। তবে হারের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
জার্মান সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথাউস বলেন, 'ব্রাজিলের বিদায়ে আমি খুশি। নেইমারের এই অবিরাম অভিযোগ এবং অঙ্গভঙ্গি আমি আর সহ্য করতে পারি না।' ম্যাচে নরওয়ের গোলকিপার অরিয়ান নিল্যান্ডের সঙ্গে নেইমারের বাকবিতণ্ডার ঘটনাও তুলে ধরেন ম্যাথাউস। পেনাল্টি থেকে গোল করার পর নিল্যান্ড কিছুটা সময় নষ্ট করে। বল নিজের কাছে রেখে দেন। সঙ্গে সঙ্গে নেইমারের হাতে বল তুলে দেননি। এই নিয়ে দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই প্রসঙ্গে ম্যাথাউস বলেন, 'পেনাল্টি দ্রুত নেওয়ার বদলে নেইমার শট নেওয়ার আগে এবং পরে গোলকিপারের সঙ্গে তর্কে জড়িয়েছিল। তার এই আচরণই প্রমাণ করে, দলের সাফল্যের চেয়ে নিজের অহংকেই বেশি গুরুত্ব দেয়।'
নেইমারকে নিয়ে ম্যাথাউসের সমালোচনা অবশ্য নতুন নয়। ২০১৮ সালের বিশ্বকাপেও তিনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে 'ডাইভার' এবং 'অভিনেতা' বলে আখ্যা দিয়েছিলেন।ম্যাথাউস বলেছিলেন, 'নেইমার অসাধারণ একজন ফুটবলার। বিশ্বের সেরা পাঁচজনের একজন। কিন্তু অভিনয় করার কী দরকার? এতে মানুষের সহানুভূতি পাওয়া যায় না। দিয়েগো মারাদোনা অভিনয় করতেন না, লিওনেল মেসিও করেন না। আমাদের নেইমারের মতো খেলোয়াড় দরকার। কিন্তু অভিনেতা নয়।'
এদিকে বিশ্বকাপ শুরুর আগেই নরওয়েকে নিজের 'ডার্ক হর্স' হিসেবে বেছে নিয়েছিলেন ম্যাথাউস। ব্রাজিলকে হারিয়ে নরওয়ে সেই ধারণাকেই আরও শক্তিশালী করেছে বলে মনে করেন তিনি। ম্যাথাউস বলেন, 'বিশ্বকাপ শুরুর আগেই নরওয়েকে আমি ডার্ক হর্স বলেছিলাম। বাছাইপর্বে ওরা ইতালিকে দু'বার হারিয়েছে। এবার ব্রাজিলকে বিদায় করেছে। মার্টিন ওডেগার্ড, বুন্দেসলিগার প্রতিভাবান আন্তোনিও নুসা এবং গোলমেশিন আলিং হালান্ডের মতো অসাধারণ খেলোয়াড় দলে আছে।' নরওয়ের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ের পথ যে মসৃণ হবে না, সেটা জানিয়ে রাখলেন।















