আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ চলাকালীন পরিবারে ভয়াবহ দুঃসংবাদ। মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে গেলেন দিদিয়ের দেশঁ। শুক্রবার রাতে নরওয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ফ্রান্স। সেই ম্যাচে থাকবেন না বিশ্বকাপজয়ী কোচ। মঙ্গলবার ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুর খবর পান দেশঁ। শেষকৃত্যে যোগ দিতে ফ্রান্সে ফিরে যাবেন। ৫৭ বছরের বিশ্বকাপজয়ী কোচের পাশে ফরাসি ফুটবল ফেডারেশন। একটি বিবৃতিতে জানানো হয়, 'এই কঠিন সময় আমরা ওনার পাশে আছি। ঈশ্বর ওনাকে শক্তি দিক।' দেশঁর অনুপস্থিতিতে, এমবাপেদের দায়িত্বে থাকবেন সহকারী কোচ গাই স্টিফান। নরওয়ে ম্যাচের দায়িত্বে থাকবেন তিনি।

দেশঁ আবার কবে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরবেন, সেই বিষয়ে এখনও কিছু জানায়নি ফরাসি ফেডারেশন। ফ্রান্সের কোচ হিসেবে এটাই তাঁর শেষ টুর্নামেন্ট। বছরের শুরুতে দিদিয়ের জানান, বিশ্বকাপের পর ফ্রান্সের কোচের দায়িত্ব ছেড়ে দেবেন। ফ্রান্সের জাতীয় দলের সঙ্গে ১৪ বছরের গাঁটছড়া ভাঙবে। আন্তর্জাতিক ফুটবলে অন্যতম সফল কোচ। তাঁর কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠে। 

কোচের পাশাপাশি ফুটবলার হিসেবেও বিশ্বকাপ জেতার রেকর্ড রয়েছে দেশঁর। এমন নজির খুব বেশি নেই। চলতি বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে ফ্রান্স। গ্রুপের প্রথম দুটো ম্যাচ সহজেই জেতে। প্রথম ম্যাচে সেনেগালকে হারায় লে ব্লুজরা। দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে ইরাককে হারিয়ে নকআউটের ছাড়পত্র সংগ্রহ করে। শুক্রবার নরওয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ। দুই দলই তাঁদের প্রথম দুটো ম্যাচ জিতে নকআউট পর্বে পৌঁছে গিয়েছে। তবে ম্যাচের রেজাল্ট থাকে জানা যাবে গ্রুপের একনম্বর দল হিসেবে কারা শেষ করবে।