আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই বিশ্বকাপ অভিযান শুরু ব্রাজিলের। প্রতিপক্ষ মরক্কো। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের শুরুতেই কঠিন পরীক্ষা। কিন্তু তার আগেই ধাক্কা ব্রাজিল শিবিরে। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাওয়া যাবে না নেইমারকে। বিশ্বকাপের সেরা তারকাদের মধ্যে অন্যতম তিনি। ক্লাস ফুটবলারের পাশাপাশি সমর্থন টানেন। কিন্তু সেলেকাওদের ওপেনিং ম্যাচের আগেই ভক্তদের জন্য খারাপ খবর শোনান কার্লো আনসেলত্তি। কাফ মাসেল চোট আছে নেইমারের। শুধু মরক্কো ম্যাচই নয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে তাঁকে নাও পাওয়া যেতে পারে। নিউ জার্সিতে ব্রাজিলের ম্যাচের আগের দিন আনসেলত্তি জানান, 'নেইমার উন্নতি করছে। তবে এখনও মাঠে ফেরার জন্য তৈরি নয়। যত তাড়াতাড়ি সম্ভব ফিট হওয়ার চেষ্টা করছে। আশা করছি পরের সপ্তাহে দলের সঙ্গে পুরোদমে ট্রেনিংয়ে যোগ দিতে পারবে।'
গ্রুপ এফে ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি ব্রাজিল। এই দুটো ম্যাচেও নেইমার অনিশ্চিত। শুক্রবার ট্রেনিংয়ে ছিলেন না তারকা ফুটবলার। দলে ডাক পাওয়ার পর থেকে এখনও খেলতে দেখা যায়নি তাঁকে। রিহ্যাবে থাকায় পানামা এবং মিশরের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচেও খেলেননি। ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও, নেইমারকে কেন বিশ্বকাপের দলে রাখা হয়েছে, তার ব্যাখ্যা দেন ব্রাজিল কোচ। আনসেলত্তি বলেন, 'দলে তরুণ প্লেয়ারদের জন্য নেইমার ভাল উদাহরণ হতে পারে।' ব্রাজিলের কোচ মনে করেন, শুধুমাত্র মাঠে নয়, মাঠের বাইরেও দলকে অনুপ্রাণিত করতে পারেন তারকা ফুটবলার।
এবার হেক্সা অভিযানে নামবে ব্রাজিল। তাতে নেইমারের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা আনসেলত্তির। নেইমারকে নিয়ে আশাবাদী ভিনিসিয়াস জুনিয়র। দ্রুত তাঁকে বল পায়ে দেখতে চান। ভিনি বলেন, 'ও আমাকে অনুপ্রাণিত করে। আশা করছি দ্রুত ফিট হয়ে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামবে।' অন্যদিকে মরক্কো শিবিরের দাবি, নেইমারের অনুপস্থিতি তাঁদের প্রস্তুতিতে প্রভাব ফেলবে না। কোচ মহম্মদ ওহাবি জানান, দু'রকম পরিস্থিতির জন্যই তাঁর দল তৈরি। তিনি বলেন, 'আমরা নেইমারকে ধরে, এবং ওকে ছাড়া প্রস্তুতি নিয়েছি। তাই আমাদের জন্য কিছু বদলাবে না।' এদিকে নেইমার না খেলায় হতাশ আশরাফ হাকিমি। বিশ্বের অন্যতম সেরা প্লেয়ারের বিরুদ্ধে খেলতে চেয়েছিলেন মরক্কোর অধিনায়ক। হাকিমি বলেন, 'আমি সেরা প্লেয়ারদের বিরুদ্ধে খেলতে চাই। নেইমার তার মধ্যে অন্যতম।' ব্রাজিলের কোচ আশা করছেন, নক আউট পর্বে পাওয়া যাবে নেইমারকে।















