আজকাল ওয়েবডেস্ক: মিশরের বিরুদ্ধে নাটকীয় জয়ের পর আবেগ চেপে রাখতে পারেননি লিওনেল স্কালোনি। জোড়া গোলে পিছিয়ে থাকার পর শেষ দশ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। ম্যাচ শেষের পর কান্না চেপে রাখতে পারেননি মেসিদের কোচ। টুর্নামেন্টের অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ। বিশ্বকাপের ব্রডকাস্টারের সঙ্গেও কথা বলতে পারেননি। মাঠে সেই মুহূর্তে সাক্ষাৎকার দিতে পারেননি। ক্ষমা চেয়ে চোখ মুছে পরে সাক্ষাৎকার দেবেন বলে চলে যান। পরে স্কালোনি বলেন, 'আমি কেঁদে ফেলেছিলাম। আমি খুবই আবেগতাড়িত হয়ে যাই। তবে এই দল কোনোদিন আর্জেন্টিনার সমর্থকদের বর্জিত করতে পারবে না।'
০-২ গোলে পিছিয়ে পড়ার পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার জায়গায় চলে গিয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের ১১ মিনিট বাকি ছিল। রোমেরোর গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। তার চার মিনিটের মধ্যে ২-২ করেন মেসি। স্টপেজ টাইমে ম্যাচের ৯৩ মিনিটে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। নাটকীয় জয়ে শেষ আটে চলে যায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসিদের কোচ জানান, এই রোলারকোস্টার ম্যাচ তাঁর ওপর সমর্থকদের মতোই প্রভাব ফেলেছে।
স্কালোনি বলেন, 'যেকোনো আর্জেন্টিনার ফ্যানের মতোই আমিও সমস্ত অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু সেই কারণেই আমি কোচ। এই মুহূর্তেগুলোর মধ্যে দিয়ে যাওয়া উপভোগ করি। নিজের কোচিং স্টাফের সঙ্গে সেই কথাই বলি। যারা ফুটবল খেলে, তাঁদের কাছে এই অনুভূতি, আবেগগুলোই পাওনা। অবিশ্বাস্য ম্যাচ।' আর্জেন্টিনার কোচ জানালেন, তিনি কখনও আবেগ চেপে রাখেন না। বা রাখতে পারেন না। খুল্লামখুল্লা জাহির করেন। সেই কারণে তাঁর দলের প্লেয়াররা মজার ছলে তাঁকে 'ক্রাই বেবি' বলে।















