আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ শীতকালীন অলিম্পিকের মধ্যেই এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ইতালিতে। জানা গিয়েছে, অলিম্পিক শুরুর পরপরই গেমস ভিলেজে কন্ডোম শেষ হয়ে যাওয়ায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে অ্যাথলিটদের মধ্যে।
প্রাথমিক ভাবে আয়োজকদের দেওয়া ১০ হাজার প্যাকেট কন্ডোম দ্রুত ফুরিয়ে যাওয়ায় এখন নতুন ভাবে কন্ডোম সরবরাহের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
এই অপ্রত্যাশিত কন্ডোম সংকট আয়োজকদের অস্বস্তিতে ফেলেছে। তারা জানিয়েছে, শীঘ্রই নতুন করে কনডম সরবরাহ করা হবে এবং পুরো গেমস চলাকালীন কন্ডোম বিতরণ অব্যাহত থাকবে।
যদিও ঠিক কবে নতুন স্টক পৌঁছাবে তা এখনও স্পষ্ট নয়। গেমস ভিলেজে হাজার হাজার অ্যাথলিট কয়েক সপ্তাহ ধরে একসঙ্গে থাকার ফলে কন্ডোম বিতরণ বহুদিনের একটি পরিচিত প্রথা।
তবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে যেখানে বিপুল পরিমাণ সরবরাহ ছিল, সেখানে শীতকালীন অলিম্পিকে মিলানে তুলনামূলক কম কন্ডোম সরবরাহ থাকায় এবার বিষয়টি নেতিবাচক কারণেই আলোচনায় এসেছে।
মিলানের গেমস ভিলেজটি অবস্থিত কোর্তিনা দ’আম্পেজ্জো-তে। প্রতিবেদন অনুযায়ী, পূর্ববর্তী আসরগুলোর তুলনায় কন্ডোম সরবরাহ কমিয়ে দেওয়ায় সেখানে দ্রুত কন্ডোম শেষ হয়ে যায়।
প্রায় ২,৯০০ অ্যাথলিটের জন্য শুরুতে প্রায় ১০ হাজার কন্ডোম রাখা হয়েছিল। অতিরিক্ত প্রয়োজন হলে দেওয়ার কথা থাকলেও চাহিদাই এতটাই বেশি ছিল যে দ্রুত সেই সীমা ছাড়িয়ে যায়।
জানা গিয়েছে, শীতকালীন অলিম্পিকে এই গেমস ভিলেজটি বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলিটদের জন্য অস্থায়ী আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে। মডিউলার ইউনিট, যৌথ কমিউনিটি স্পেস এবং সীমিত ব্যক্তিগত পরিসরের কারণে বাসিন্দাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ে।
ফলে এই সময়ে কন্ডোমের চাহিদাও বেশি থাকে। আয়োজকরা জানিয়েছেন, দ্রুত নতুন স্টক এনে গেমস শেষ হওয়া পর্যন্ত যাতে কন্ডোম নিয়মিত ভাবে পাওয়া যায় তা নিশ্চিত করা হবে কর্তৃপক্ষের তরফে।
তবে শুরুতেই ঘাটতি তৈরি হওয়ায় অতীতের অলিম্পিকগুলোর সঙ্গে তুলনা শুরু হয়েছে যেখানে কন্ডোম সরবরাহ অনেক বেশি ছিল। অলিম্পিক ভিলেজে বিনামূল্যে গর্ভনিরোধক বিতরণ দীর্ঘদিনের ঐতিহ্য, যার উদ্দেশ্য বসবাসকারী অ্যাথলিটদরা যাতে নিরাপদ ভাবে যৌনমিলন করতে পারেন এবং সকলের সুস্থতা নিশ্চিত করা।
অনেক সময় এই উদ্যোগই গেমসের অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে। বিভিন্ন অলিম্পিকের আসরে কন্ডোম সরবরাহের পরিমাণ ভিন্ন হয়েছে।
২০২৪ সালের প্যারিস অলিম্পিকে প্রায় ২ লক্ষ পুরুষ ও ২০ হাজার মহিলা কন্ডোম ১০,৫০০ অংশগ্রহণকারীর জন্য দেওয়া হয়েছিল, আর তার আগে কয়েকটি অলিম্পিকের আসরে সংখ্যাটি ৩ লক্ষ পর্যন্ত পৌঁছেছিল।
সেই তুলনায় মিলানে মাত্র ১০ হাজার কন্ডোম সরবরাহ করার সিদ্ধান্ত বিশেষভাবে নজর কেড়েছে। ২০২১ সালের টোকিও অলিম্পিকে কোভিডের বিধিনিষেধের কারণে যৌন সঙ্গম কার্যত নিষিদ্ধ ছিল।
তবে সেই বিধিনিষেধ উঠে যাওয়ায় এখন আবার স্বাভাবিক গেমস ভিলেজ জীবন ফিরে এসেছে এবং এর সঙ্গে আগের মতো চাহিদাও বেড়েছে। কয়েক সপ্তাহ প্রচণ্ড চাপের মধ্যে থাকার কারণে অ্যাথলিটদের স্বাস্থ্য সুরক্ষার জন্য গর্ভনিরোধক সরবরাহকে এখনও গুরুত্বপূর্ণ বলে মনে করেন আয়োজকরা।
















