আজকাল ওয়েবডেস্ক: আবার কটাক্ষের মুখে মহসিন নাকভি। বাংলাদেশের কাছে তিন ম্যাচের একদিনের সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট দল সহ পিসিবি প্রধানকে একহাত নিচ্ছেন প্রাক্তনীরা। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল পাকিস্তানের সামনে। কিন্তু হল ঠিক বিপরীত। সিরিজ নির্ণায়ক ম্যাচে সলমন আলি আঘার শতরানও বাঁচাতে পারল না দলকে। ২-১ এ সিরিজ হারে পাকিস্তান। ৯৮ বলে ১০৬ রান করেন আঘা। কিন্তু ৪৮তম ওভারে আউট হওয়ার পর ২৭৯ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। শেষ বলে আউট হন শাহিন শাহ আফ্রিদি।
সিরিজ হারের পর ক্ষেপে লাল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং নির্বাচক কামরান আকমল। একটি আলোচনায় সলমন, শাহিনদের ধুয়ে দেন। কামরান আকমল বলেন, 'পাকিস্তান দলের এমন অবস্থা, এবার নেদারল্যান্ড আমাদের সঙ্গে সিরিজ খেলতে চাইবে। তারপর আমাদের হারিয়ে টেস্ট খেলার ছাড়পত্র সংগ্রহ করবে। বর্তমানে পাকিস্তানের ক্রিকেটের এমনই অবস্থা। বাংলাদেশ অনায়াসে ৩৫০ রান করতে পারত। কিন্তু ২৯০ রান করেছে। লিটন দাস মন্থর ইনিংস খেলেছে। তাসত্ত্বেও আমরা হেরেছি।'
শুধু দলকে কটাক্ষ করেই থামেননি, পিসিবি প্রধান মহসিন নাকভিকে একহাত নেন। ভারত তাঁর হাত থেকে ট্রফি নিতে না চাওয়ায়, এশিয়া কাপ নিয়ে চলে গিয়েছিলেন তিনি। এখনও সেই ট্রফি পায়নি টিম ইন্ডিয়া। ট্রফি এখনও নাকভির অফিসে রয়েছে। এদিন এই প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন প্রাক্তন পাক ক্রিকেটার। আকমল বলেন, 'ম্যাচে বিপক্ষকে হারাতে না পারলে, এবার কি আইসিসি ট্রফি চুরি করে বাড়ি নিয়ে যাবে?' তানজিদ হাসানের ১০৭ রানে ৫ উইকেটের বিনিময়ে ২৯০ রানে শেষ করে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান শাহিন আফ্রিদি। প্রথম ম্যাচে একই পিচে ১১৪ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। ম্যাচ ৮ উইকেটে জেতে বাংলাদেশ। ডিএলএস প্রক্রিয়ায় দ্বিতীয় একদিনের ম্যাচ ১২৮ রানে হারে বাংলাদেশ। চলতি সিরিজে পাকিস্তান দলে ছ'জনের অভিষেক হয়। কিন্তু তাসকিন আহমেদ এবং নাহিদ রানার গতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তিন ওভারের মধ্যে ৩ উইকেট হারায়। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সলমন আঘাদের। এবার একদিনের ক্রিকেটেও ভরাডুবি পাকিস্তানের।
