আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২৬ অভিযান কার্যত শেষের পথে।
 প্লে-অফের আশা প্রায় শেষ হয়ে যাওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী মরশুমেও কি হলুদ জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকেকে?

চলতি মরশুমের আগে ধোনিকে ‘আনক্যাপড প্লেয়ার’ হিসেবে দলে ধরে রেখেছিল সিএসকে। মূলত তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার দায়িত্বের জন্যই তাঁকে ভাবা হয়েছিল। 

তবে চোটের কারণে পুরো মরশুমেই মাঠের বাইরে থাকতে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। ব্যাট হাতে নামা তো দূরের কথা, উইকেটকিপিং গ্লাভসও পরতে দেখা যায়নি তাঁকে। 

লিগ পর্বে সিএসকের আর মাত্র একটি ম্যাচ বাকি। এর মাঝেই ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। এ বিষয়ে প্রশ্ন করা হলে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং স্পষ্ট কোনও উত্তর দেননি। বরং তিনি জানান, ধোনির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্টই। 

ফ্লেমিং বলেন, ''এই সিদ্ধান্ত পুরোপুরি ম্যানেজমেন্টের। ধোনিকে নিয়ে অনেক আলোচনা চলছে, সেটা আমি জানি। যদিও ও খেলেনি, তবুও পুরো মরশুমে দলের সঙ্গে থেকেছে এবং তরুণ ক্রিকেটারদের জন্য ওর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ড্রেসিংরুমে ওর প্রভাব এখনও বিশাল।''

তিনি আরও বলেন, ''আমরা কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছি, যারা ভবিষ্যতে সিএসকের গুরুত্বপূর্ণ মুখ হতে পারে। তবে শেষ পর্যন্ত ফলাফল দিয়েই বিচার হবে, সেটাই স্বাভাবিক।'' 

পুরো মরশুম জুড়েই ধোনির খেলা নিয়ে রহস্য বজায় ছিল। সিএসকে ম্যানেজমেন্ট বারবার জানিয়েছে, তিনি চোটগ্রস্ত। যদিও অন্য একটি মতও সামনে এসেছে, ইচ্ছাকৃতভাবেই নাকি নিজেকে মাঠের বাইরে রেখেছেন ধোনি, যাতে তরুণরা বেশি সুযোগ পায়।

এদিকে সোমবার সানরাইজার্স হায়দরাবাদের  বিরুদ্ধে ম্যাচে ধোনির ফেরার সম্ভাবনার খবর সামনে আসতেই মত দেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মতে, এই সময় তরুণদেরই আরও বেশি সুযোগ দেওয়া উচিত।

সব মিলিয়ে, আগামী মরশুমে ধোনি আবার সিএসকের জার্সিতে মাঠে নামবেন কি না, সেই প্রশ্নের উত্তর এখনই মিলছে না। তবে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।