আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের কাছে অভিষেক সিরিজে লজ্জার হার। এবার শুরু ইংল্যান্ড সিরিজ। যাবতীয় চ্যালেঞ্জ গ্রহণ করতে তৈরি শ্রেয়স আইয়ার। জানান, ভারতের টি-২০ দলকে নেতৃত্ব দিতে যা চ্যালেঞ্জ আসবে, তার সম্মুখীন হতে তিনি তৈরি। দাবি, আইপিএল এবং দেশের জার্সিতে ধারাবাহিকতা দেখানোর পর তিনি বিশ্বাস করতেন, সুযোগ আসবেই। কিন্তু অধিনায়ক হিসেবে শুরুটা মোটেই ভাল হয়নি। বেলফাস্টে আয়ারল্যান্ডের কাছে দুই ম্যাচের সিরিজে হার। এবার ইংল্যান্ডের মাটিতে কঠিন পরীক্ষা। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগোতে চান ভারতের নতুন টি-২০ অধিনায়ক। একইসঙ্গে দলকে নতুন পরিচয় দিতে চান।
শ্রেয়স বলেন, 'সত্যি বলতে, আমি অবাক হইনি। আমি কখনও না কখনও এটার আশা করেছিলাম। আগের আইপিএলে আমি খুবই ভাল পারফর্ম করেছি। দেশের জার্সিতেও রেকর্ড ভাল। তাই আমি খুব অবাক হয়ে যাইনি। তবে একইসঙ্গে আমি মনে করি, যারা টি-২০ বিশ্বকাপ জিতেছে, তাঁদের থেকে আমার শেখার সুযোগ রয়েছে। টিম ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ এবং যারা খেলেছে, তাঁদের থেকেও।' ৩১ বছরের তারকা জানান, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া তাঁর স্বপ্ন ছিল। জানান, এটা তাঁর জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। শ্রেয়স বলেন, 'একজন ছোট বাচ্চা হিসেবে, আমরা সবসময় ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখি। এবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে। এটা আমার কাছে পৃথিবী হাতের মুঠোয় থাকার মতো।'
এই জায়গায় পৌঁছনোর জন্য নিজের কঠোর পরিশ্রম এবং সাপোর্ট সিস্টেমকে কৃতিত্ব দেন। শ্রেয়স বলেন, 'কঠোর পরিশ্রমের ফল। পাশাপাশি ফ্যান, পরিবার এবং বন্ধুবান্ধবদের সমর্থন। অনুভূতি কথায় ব্যাখ্যা করতে পারব না।' আয়ারল্যান্ডের কাছে হারলেও, নিজের দলের থেকে অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট চান ভারতের নতুন অধিনায়ক। ভয়ডরহীন ক্রিকেট উপহার দিতে চান। শ্রেয়স বলেন, 'আমি মাঠে আগ্রাসন চাই। ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। একইভাবে দলের থেকেও আগ্রাসী ক্রিকেটের আশা করি। এমন মাইন্ডসেট চাই যা দেখে বিপক্ষের ক্রিকেটাররা ঘাবড়ে যাবে। মাঠে পা রাখলেই আমার কাছে সেটা যুদ্ধের মতো। আমি সব ম্যাচ জিততে চাই। দলের সবার মধ্যে এই মানসিকতা ঢুকিয়ে দিতে চাই। আমি সব চ্যালেঞ্জ গ্রহণ করতে তৈরি। চ্যালেঞ্জিং পরিস্থিতি চাই। কারণ তাতেই আমি ভাল খেলি।'
টি-২০ বিশ্বকাপ জিতলেও, এটাকে নতুন পর্বের শুরু হিসেবে দেখা হচ্ছে। ইংল্যান্ড সিরিজের আগে দলকে কী বার্তা দেন গম্ভীর? শ্রেয়স জানান, শূন্য থেকে শুরু করার কথা বলেন গৌতি ভাই। শ্রেয়স বলেন, 'গৌতি ভাই একটা সাক্ষাৎকারে বলেন, আমরা বিশ্বচ্যাম্পিয়ন ছিলাম। এবার নেতা হিসেবে আমার অধীনে দলের নতুন যাত্রা শুরু। আমরা আবার শূন্য থেকে শুরু করছি।' আয়ারল্যান্ড সিরিজের রেজাল্ট নিয়ে স্বাভাবিকভাবেই হতাশ ভারতের নতুন নেতা। তবে পাশাপাশি জানান, এই সফর থেকে শিক্ষা নিতে পেরেছে ক্রিকেটাররা। বিশেষ করে যারা প্রথমবার ইংলিশ এবং আইরিশ পরিবেশে খেলার সুযোগ পেয়েছে। আয়ারল্যান্ড সিরিজেই ডাহা ব্যর্থ ভারতীয় ব্যাটিং। কোনও ম্যাচেই শুরুটা ভাল করতে পারেনি টপ অর্ডার। তবে বোলিং আক্রমণ নজর কাড়ে। বিশেষ করে প্রিন্স যাদব, হরষিত রানা এবং অর্শদীপ সিং। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে শ্রেয়সদের।















