আজকাল ওয়েবডেস্ক: যুবভারতীতে পাশাপাশি দুটো প্র্যাকটিস মাঠ। তারমধ্যে একটাতে অনুশীলন করছে মোহনবাগান, অন্যতে ইস্টবেঙ্গল। তাও একই সময়। ডার্বির আগে এমন চিত্র কবে দেখা গিয়েছে? পরিসংখ্যান ঘেঁটেও পাওয়া যাবে না। কারণ এমন কোনওদিন হয়নি। একই ভেন্যুতে করলেও, আলাদা সময় প্র্যাকটিস করেছে ইস্ট-মোহন। কিন্তু আইএসএল নির্ণায়ক ডার্বির আগে বহাল তবিয়তে পাশাপাশি মাঠে দলবল নিয়ে নেমে পড়লেন দুই স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো এবং সার্জিও লোবেরা। ঠিক বিকেল সাড়ে চারটেতে নামে মোহনবাগান। ইস্টবেঙ্গল নামে তার ১৫ মিনিট পরে। কোনও লোকানোর ব্যাপার নেই। নেই চারিদিকে কোনও কালো কাপড়। পুরোদমে চলে অনুশীলন। যদিও ডার্বির আগের দিন কোনও দলই সাধারণত ট্যাকটিক্যাল অনুশীলন করে না। সব ছক আগেই তৈরি হয়ে যায়। এদিন যুবভারতীর প্র্যাকটিস মাঠে অনুশীলনে বেশ খোশমেজাজে দেখা যায় কামিন্স, দিমিত্রিদের। জেমি ম্যাকলারেনের চোট নিয়ে একটা উদ্বেগ ছিল। কিন্তু এদিন দলের সঙ্গে ছিলেন তারকা বিশ্বকাপার। পুরো ম্যাচ খেলার বিষয়ে অবশ্য কোনও নিশ্চয়তা নেই। 

যেভাবে আইএসএল শুরু করেছিল মোহনবাগান, এই জায়গায় আসার কথাই না। অনেক আগেই চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় পৌঁছে যেতে পারত। কিন্তু শেষদিকে জঘন্য পারফরম্যান্স। একের পর এক ড্র। পয়েন্ট নষ্ট। যার ফলে এই তিমিরে এসে পৌঁছেছে লোবেরার দল। ডার্বিতে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। ড্র চাই অস্কারের দলের। অন্যদিকে বাগানের প্রয়োজন জয়। গত কয়েক ম্যাচের পারফরম্যান্স দেখে আশাহত হয়েছে ফ্যানরা। তবে অতীত নিয়ে ভাবতে চান না লোবেরা। বরং জানান, এমন ম্যাচে নামার অপেক্ষায় থাকেন। যা মোটিভেশন দ্বিগুণ বাড়ায়। লোবেরা বলেন, 'কাল একটা ফাইনাল। এমন ম্যাচ আমরা খেলতে চাই। আমাদের জিততেই হবে। আমি আশাবাদী। আমরা চ্যালেঞ্জের জন্য তৈরি। আমরা এবছর তিনটে ডার্বিতে জিতিনি। তবে সেটা অতীত। ট্রফি জিতে প্রমাণ করতে হবে আমরা বিপক্ষের থেকে ভাল। সাপোর্টারদের জন্য আমাদের জিততেই হবে।' 

জয়ের বিষয়ে আশাবাদী হলেও, এই ইস্টবেঙ্গল দলকে সেরা বললেন লোবেরা। দাবি, এটাই প্রতিদ্বন্দ্বী ক্লাবের আইএসএল জেতার সুবর্ণ সুযোগ। বাগান কোচ বলেন, 'আমাদের ট্রফি জিততে হলে, ইস্টবেঙ্গলকে হারাতে হবে। আইএসএলের ইতিহাসে এবার ইস্টবেঙ্গলের সেরা দল। ভয়ঙ্কর টিম। মাত্র ১৩টা ম্যাচ খেললে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়ে। তবে আমরা ইতিহাস সৃষ্টি করার চেষ্টা করব। প্রথম ক্লাব হিসেবে তিনবার লিগ শিল্ড জেতার চেষ্টা করব।'

শেষ কয়েক ম্যাচে একেবারেই ছন্দে ছিল না মোহনবাগানের বিশ্বমানের স্ট্রাইকিং ফোর্স। গোলের খরা চলছে ম্যাকলারেন, পেত্রাতোস, কামিন্সদের। ইন্টার কাশীর বিরুদ্ধে যেসব গোল মিস হয়েছে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। কিন্তু সেই নিয়ে পড়ে থাকতে চান না। আশা, আসল সময় গোলে ফিরবে তাঁর দল। লোবেরা বলেন, 'অতীত নিয়ে ভাবছি না। এটা আলাদা ম্যাচ। সুযোগ তৈরি না হলে, সেটা ভয়ের ছিল। প্লেয়াররা অভিজ্ঞ। আমাকে বেশি কিছু বলতে হয় না। ওরা গোল করতে জানে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।' মিগুয়েল, এজ্জেজারিকে নিয়ে আলাদা করে ভাবছেন না। জানিয়ে দিলেন, নির্দিষ্ট একজনকে ফোকাসে রাখা বোকামি। গোটা দলকেই আটকাতে হবে। চোট সারিয়ে ফিরবেন আপুইয়া। স্প্যানিশ কোচের দাবি, মোহনবাগানে সই করার সময় জেনে গিয়েছিলেন, এই ক্লাব দ্বিতীয় হতে পারে না। সেই মন্ত্রই প্লেয়ারদের কানে তুলে দিয়েছেন লোবেরা। জীবনের প্রথম কলকাতা ডার্বি জিততে মরিয়া স্প্যানিয়ার্ড।