আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে ব্যর্থতার প্রভাব কি পড়তে চলেছে গৌতম গম্ভীরের ওপর? টিম ইন্ডিয়ার হটসিট ছাড়তে হবে তাঁকে? সরাসরি না হলেও, আবার দ্বৈত কোচিংয়ের পথে হাঁটতে চলেছে বিসিসিআই। সামনে ঠাসা সূচি ভারতের। তাই শোনা যাচ্ছে, জিম্বাবোয়ে সিরিজ এবং জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় থাকবেন ভিভিএস লক্ষ্মণ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের প্রধানকে এর আগেও এই ভূমিকায় দেখা গিয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচের সঙ্গে জিম্বাবোয়ে সিরিজের প্রথম ম্যাচের মধ্যে পার্থক্য মাত্র চার দিনের। ১৯ জুলাই শেষ একদিনের ম্যাচ। ২৩ জুলাই শুরু জিম্বাবোয়ে সিরিজ। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরের পর বিশ্রাম দেওয়া হবে গম্ভীরকে। দুই প্রাক্তন ক্রিকেটার ঋষিকেশ কানিতকার এবং সুনীল যোশী ভারতের ব্যাটিং এবং বোলিং কোচ হিসেবে লক্ষ্মণকে যোগ দেবেন। সম্প্রতি শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ভারতীয় এ দলের সঙ্গে ছিলেন দু'জন। সামনে ঠাসা সূচি। এশিয়ান গেমসের পর বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ। তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজ।
প্রসঙ্গত, আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারের পর ইংল্যান্ড সিরিজে জঘন্য শুরু ভারতের। পাঁচ ম্যাচের সিরিজে ০-২ এ পিছিয়ে পড়ে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর, পরপর দুই ম্যাচে হার। সিরিজ হারের মুখে ভারত। ড্র করতে শেষ দুটো ম্যাচ জিততেই হবে। যেভাবে খেলছে ভারতীয় দল, এটা যথেষ্ট চ্যালেঞ্জিং। মঙ্গলবার দ্বিতীয় টি-২০ তে ২০১ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। ৭৬ রান অল আউট। ১২৫ রানে হার। টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় হার। মাত্র চারজন ব্যাটার দুই অক্ষরের রানে পৌঁছতে পেরেছে। তারমধ্যে সর্বোচ্চ রান ১৩। মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্বসেরা ভারত বিদেশের মাটিতে নাস্তানাবুদ।















