আজকাল ওয়েবডেস্ক: মাঝে মাত্র দু'দিন। তারপরই শুরু কোটিপতি লিগ। আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। সচরাচর আইপিএল শুরুর খুব বেশিদিন আগে প্রস্তুতি শিবিরে যোগ দেন না প্রাক্তন অধিনায়ক। কিন্তু এবার ব্যতিক্রম। লিগ শুরু হওয়ার ন'দিন আগেই বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেন কোহলি। এবার নতুন ভূমিকায় দেখা গেল বিরাটকে। নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে আরসিবি। প্র্যাকটিস সেশনে ফিল সল্টের সঙ্গে ট্রেনিং করতে দেখা যায় তারকা ক্রিকেটারকে। থ্রো ডাউন স্পেশালিস্টের ভূমিকায় ছিলেন বিরাট। 

সম্প্রতি ফর্মের ধারেকাছে নেই ইংল্যান্ডের ক্রিকেটার। টি-২০ বিশ্বকাপে ডাহা ব্যর্থ। রান পাননি। সতীর্থকে ফর্মে ফেরানোর চেষ্টায় কোহলি। বদলে ফেললেন নিজের ভূমিকা। বল করতে দেখা যায় কোহলিকে। আইপিএলের বিধ্বংসী ওপেনিং জুটির মধ্যে থাকবে কোহলি-সল্ট জুটি। তাঁদের পার্টনারশিপ ১৮ বছর পর আইপিএল জিততে সাহায্য করে আরসিবিকে। সাধারণত মারমুখী মেজাজে শুরু করেন ইংলিশ ব্যাটার। অ্যাঙ্করের ভূমিকা নেন কোহলি। মোট ১৩ ইনিংসে তাঁদের রান ৫৬৫। তারমধ্যে সেরা পার্টনারশিপ কেকেআরের সঙ্গে। ১৭৫ রান তাড়া করতে নেমে মাত্র ৮.৩ ওভারে ৯৫ রান তোলে এই জুটি। দু'জনেই অর্ধশতরান করেন। জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেনিংয়ে ৯২ রান যোগ করে এই জুটি। এই ম্যাচেও দু'জন অর্ধশতরান করেন। 

গত আইপিএলে আরসিবির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সল্ট। ১৩ ইনিংসে ৪০৩ রান করেন। স্ট্রাইক রেট ১৭৫.৯৮। তারমধ্যে রয়েছে চারটি অর্ধশতরান। আইপিএল দুর্দান্ত যায় কোহলিরও। ১৫ ম্যাচে ৬৫৭ রান করেন। গড় ৫৪.৭৫। ফাইনালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৪৩ রান করেন। এবার নিজের ওপেনিং পার্টনারের পাশে দাঁড়ালেন বিরাট। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ৮ ইনিংসে ১৩০ রান করেন ইংল্যান্ডের ক্রিকেটার। টি-২০ ক্রিকেটে বিধ্বংসী ব্যাটারদের মধ্যে সল্টের নাম থাকবে। আরসিবির ক্রিকেট ডিরেক্টর মো বোবাটও ইংল্যান্ডের ক্রিকেটারের পক্ষে। আরসিবি শিবিরের আশা, আইপিএলেই ফর্মে ফিরবেন সল্ট।