আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক গুজবকে হেসে উড়িয়ে দিলেন। কোনও এক পোস্টে দাবি করা হয়, আইপিএল মরশুমে লন্ডন ও বেঙ্গালুরুর মধ্যে যাতায়াতের জন্য তিনি চার্টার ফ্লাইট দাবি করেছেন।
এমন খবরকে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে দু’টি হাসির ইমোজি দিয়ে হেসে উড়িয়ে দেন। কোহলি নিজে এই গুজবের জবাব দেওয়ায় স্পষ্ট, একাধিক ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত দাবিতে তিনি অসন্তুষ্ট ছিলেন।
একটি পোস্টে এমনও দাবি করা হয়েছিল যে, দুই ম্যাচের মাঝে তিন দিনের বেশি ব্যবধান থাকলে তিনি আরসিবির কাছে চার্টার্ড বিমানের দাবি করেছিলেন, যাতে তিনি লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার ভারতে ফিরতে পারেন।

সম্প্রতি লন্ডন থেকে ভারতে ফিরে বেঙ্গালুরুর ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন কোহলি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৮ মার্চ চিন্নস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।
লন্ডনে কোহলির যাতায়াত নিয়ে বিতর্ক নতুন নয়। অফ-সিজনে লন্ডনকে প্রধান গন্তব্য হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তাঁর ব্যক্তিগত জীবন ও ক্রিকেটীয় জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্মের পর, যুক্তরাজ্যের রাজধানীতে তুলনামূলক গোপনীয়তা বজায় রেখে স্বাভাবিক জীবনযাপন করতে চান কোহলি। সেখানে তাঁকে প্রায়ই সাধারণ মানুষের মতো বাজার করা বা পার্কে হাঁটাহাঁটি করতে দেখা যায়, যা ভারতে তাঁর পক্ষে প্রায় অসম্ভব।
তবে এই সিদ্ধান্ত ক্রিকেটমহলের একাংশের ভাল লাগেনি। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার পাশাপাশি কয়েকজন প্রাক্তন ক্রিকেটারও প্রশ্ন তুলেছেন, দীর্ঘ সময় বিদেশে থাকায় দেশের ক্রিকেট ও ভক্তদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে বিরাটের। জাতীয় আইকন হিসেবে তাঁর দায়বদ্ধতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
