আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মার ফর্ম নিয়ে তোলপাড় ক্রিকেট মহল। উঠতে বসতে সমালোচনা শুনতে হচ্ছে ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে। নিউজিল্যান্ড সিরিজ শেষ হলেই বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। কিন্তু এখনও ব্যাটে রান নেই দলের দুই তারকার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ডাহা ব্যর্থ। রাতারাতি অস্ট্রেলিয়ার মাটিতে কি ফর্ম ফিরবে? অনেকেই অশনি সংকেত দেখছে। ক্রিকেট বিশেষজ্ঞদের অধিকাংশ মনে করছেন, অবিলম্বে ঘরোয়া ক্রিকেটে ফেরা উচিত বিরাটের। কিন্তু প্রাক্তন ক্রিকেটার এবং নির্বাচক এমএসকে প্রসাদ কোনও আশঙ্কা দেখছেন না। তিনি মনে করেন, অস্ট্রেলিয়া সিরিজেই রানে ফিরবেন বিরাট। ২০২৪ সালে পাঁচ টেস্ট এবং দশ ইনিংস খেলে তাঁর রান ২৪৫। গড় ২৭.২২। মাত্র একটি অর্ধশতরান। সর্বোচ্চ ৭০। কিন্তু মোট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গড় যথেষ্ট ভাল কোহলির। আট টেস্টে ৫৫৬ রান। গড় ৪২.৭৬। তাতে রয়েছে একটি শতরান এবং তিনটে অর্ধশতরান। সর্বোচ্চ রান ১২১। 

এমএসকে প্রসাদ মনে করেন, অস্ট্রেলিয়ার পরিবেশ এবং পরিস্থিতি পছন্দ কোহলির। বোর্ডের প্রাক্তন নির্বাচকের দাবি, ক্যাঙ্গারুদের দেশেই স্বমহিমায় ফিরবে ভারতের তারকা ব্যাটার। প্রসাদ বলেন, 'অস্ট্রেলিয়ায় গেলে বিরাট জলে ছেড়ে দেওয়া একটা হাঁসের মতো হয়ে যায়। ওখানকার পরিবেশ এবং পরিস্থিতি পছন্দ করে। হয়তো ও কোনওক্রমে মুম্বই টেস্ট শেষ করে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছে।' এমএসকে প্রসাদের এই ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার অপেক্ষায় থাকবে কোহলি ভক্তরা। ২২ নভেম্বর পারথে শুরু হবে প্রথম টেস্ট। অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্ট দিন রাতের। তৃতীয় এবং চতুর্থ টেস্ট যথাক্রমে ব্রিসবেন এবং মেলবোর্নে।‌ পঞ্চম টেস্ট সিডনিতে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তাঁর ডেপুটি যশপ্রীত বুমরা।‌ অস্ট্রেলিয়া সফরের দলে নেই মহম্মদ সামি।