আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলাকালীনই টেস্ট থেকে অবসর নেন বিরাট কোহলি। যা নিয়ে কম জলঘোলা হয়নি। বোর্ড অনুরোধ করলেও বিরাট শোনেননি। অনেকেই মনে করেন আরও কয়েক বছর টেস্ট খেলতে পারতেন বিরাট। অন্তত যা ফিটনেস কোহলির। কিন্তু উল্টো মতও আছে। ভারতের প্রাক্তন বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছেন, আরও অন্তত পাঁচ বছর টেস্ট খেলার জায়গায় নেই কোহলি।
বর্ডার গাভাসকার ট্রফিতে একটিই মাত্র শতরান করেছিলেন কোহলি। পারথে। বাকি পারফরম্যান্স বলার মতো নয়। অফস্টাম্পের বাইরের বলে বারবার খোঁচা দিয়ে আউট হয়েছেন। গত কয়েক বছরে টেস্ট গড় নেমে গিয়েছিল ৫০ এর নীচে। মামব্রের কথায়, ‘বিরাট আরও পাঁচ বছর ক্রিকেট খেলতে পারত না। কোহলি ও রোহিতের নিজস্ব লড়াই আছে। ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে, এবার বিদায় নেওয়ার সময়। ওরা জানে, ওদের অবদান কতটা। আর সেটা অনেক সময় বাড়তি অনুপ্রেরণার কাজও করে। হয়তো সেটা বুঝেই দু’জনে সরে দাঁড়িয়েছে। এটা এক ধরনের নিঃস্বার্থ মনোভাব।’
প্রসঙ্গত, ২০২১ থেকে ভারতের বোলিং কোচ ছিলেন মামব্রে। ২০২৪ এ ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলেও ছিলেন। ফলে দুই তারকাকে খুব ভালভাবেই চেনেন। মামব্রের কথায়, ‘কখনও কখনও এত সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার মতো মানসিকতা থাকে না। যদি নিজের একশো শতাংশ দেওয়ার মতো মানসিক অবস্থা না থাকে, তাহলে সৎভাবে সেটা স্বীকার করো। সেক্ষেত্রে অন্য ফরম্যাটগুলোতো মনোযোগ দাও। তাতে দলের ভালই হবে।’
















