আজকাল ওয়েবডেস্ক: ভারতের টি-২০ দলে কি সময় শেষ হয়ে এসেছে সঞ্জু স্যামসনের? ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ থেকে বাদ পড়ার পর, এবার জিম্বাবোয়ে সিরিজেও সুযোগ পেলেন না টি-২০ বিশ্বকাপের ম্যাচের সেরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল বেছে নিল বোর্ডের নির্বাচকরা। সেই দলে নেই সঞ্জু স্যামসন। সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী। ২৩ থেকে ২৬ জুলাই চলবে সিরিজ। তিনটে ম্যাচই হারারেতে। প্রথমে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে সুযোগ পান বৈভব। এশিয়া কাপের দলেও ১৫ বছরে বিস্ময় বালককে রাখা হয়। এবার আরও একটি টি-২০ সিরিজে বাঁ হাতি ওপেনারকে দেখা যাবে।
দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পান প্রভসিমরন সিং। অশোক শর্মা এবং মায়াঙ্ক যাদবও জিম্বাবোয়ে সিরিজে সুযোগ পেয়েছে। যেকোনো কঠিন সিরিজের আগে সাধারণত জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ রাখা হয়। সিনিয়রদের বিশ্রাম দিয়ে, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়। সেই কারণও যদি ধরা হয়, একমাত্র সিনিয়র ব্যাটার হিসেবে বাদ পড়েন সঞ্জু। শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মা, তিলক বর্মা, ঈশান কিষাণ এবং শিবম ডুবে - ইংল্যান্ড সফরে থাকা বাকিদের নেওয়া হয়েছে।
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে পরপর তিন ম্যাচে ব্যর্থ হন সঞ্জু। ৫, ০ এবং ১ রান করেন। তাঁর জায়গায় ব্যাকআপ উইকেটকিপার হিসেবে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পান প্রভসিমরন সিং। বোলিং বিভাগে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। ইংল্যান্ড সিরিজে খেলা অনেককেই বিশ্রাম দেওয়া হয়েছে। বাদ পড়েন অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা এবং রবি বিষ্ণোই। তাঁদের বদলে সুযোগ পান যশ ঠাকুর, অশোক শর্মা এবং মায়াঙ্ক যাদব। প্রত্যাবর্তন হয় শিবম দুবেরও। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নীতিশ কুমার রেড্ডির পরিবর্ত হিসেবে শিবম দুবের নাম ঘোষণা করা হয়।
ভারতের টি-২০ দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, শিবম দুবে, সুরয়ানস শেজ, রিঙ্কু সিং, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, মায়াঙ্ক যাদব এবং প্রভসিমরন সিং।















