আজকাল ওয়েবডেস্ক: আইপিএল এগিয়ে আসছে। আর মেগা টুর্নামেন্ট যত এগিয়ে আসছে, ততই ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশীকে নিয়ে চর্চা চলছে।
প্রথমবার আইপিএল খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সূর্যবংশী। এবার তাঁর কাছ থেকে প্রত্যাশা আরও বেশি।
এবি ডিভিলিয়ার্স ও আরসিবি তারকা জীতেশ শর্মা এক কথোপকথনে জানিয়েছেন, বৈভব সূর্যবংশী কোনওদিন পেশাদার হতে পারবেন না।
এবি ডিভিলিয়ার্স প্রশংসা করেছেন বৈভবের। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা বলছেন, ''গ্রেট প্লেয়ার বৈভব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ওকে সামনে থেকে দেখেছি। আইপিএল, বড় লিগের খেলার স্বাদ পেয়ে গেলে একই স্ট্যান্ডার্ড ধরে রাখা সম্ভব নয়। কিন্তু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বৈভব যেভাবে খেলেছে, তাতে আমি মুগ্ধ। পেশাদারের মতো ক্রিকেট খেলেছে। ওর বয়স অনুযায়ী বেশি পরিণত।''
ডিভিলিয়ার্স আরও বলেন, ''ওর খেলা নিয়ে আমি বলছি। নিজের গেম প্ল্যান অনুযায়ী খেলে থাকে। আইপিএলে ঠিক যেভাবে খেলেছে, সেভাবেই বিশ্বকাপে খেলেছে বৈভব। বোলারদের বিরুদ্ধে ঔদ্ধত্য দেখায়নি।''
ডিভিলিয়ার্স তাঁকে বলছেন পেশাদার। কিন্তু জীতেশ শর্মা বাঁ হাতি কিশোরকে পেশাদার বলতে ইচ্ছুক নন। জীতেশ বলছেন, ''ও পেশাদার নয়। প্রত্যেকে চাইছে ও যেন পেশাদার হয়। তবে মনে হয় না বৈভব পেশাদার হবে। মাঠের বাইরে তো নয়ই। মাঠের ভিতরে পেশাদার হলেও হতে পারে তবে মাঠের বাইরে একেবারেই নয়। রাতে যাতে আইসক্রিম না খায়, সেকথা বলেছিলাম বৈভবকে। কিন্তু ও কথাই শোনেনি।''
মঠের ভিতরে দুর্দান্ত খেলা ও মাঠের বাইরে এক কিশোরের সরল জীবন বৈভবকে করে তুলেছে সবার মনের কাছাকাছি। কিন্তু তাঁর ক্রিকেট পরিক্রমা দীর্ঘায়িত করতে হলে অন্যান্য বিষয়ের উপরেও জোর দিতে হবে বৈভবকে।
