আজকাল ওয়েবডেস্ক:‌ ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। কারণ নতুন শর্ত চাপিয়েছে আমেরিকা। প্রসঙ্গত, এবার আমেরিকা–কানাডা ও মেক্সিকোয় বসবে বিশ্বকাপের আসর। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন থেকে।


এটা ঘটনা, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তা আরও বাড়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের জন্য। আপাতত যুদ্ধবিরতি চললেও আমেরিকার সঙ্গে ইরানের প্রথম দফার সমঝোতা বৈঠক ভেস্তে গিয়েছে। তাতে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।


বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে আমেরিকার বিদেশ সচিব বলেছেন, ‘ইরানের ফুটবলারদের বিশ্বকাপ খেলতে আমেরিকায় আসা নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। ইরানের খেলোয়াড়দের নিয়ে আমাদের কোনও সমস্যাও নেই। কিন্তু দলের সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের (আইআরজিসি) কেউ থাকতে পারবেন না। ফুটবলারদের সঙ্গে যাঁরা আসবেন, তাঁদের কেউ যেন কোনওভাবে আইআরজিসির সঙ্গে যুক্ত না হন। তেমন কেউ থাকলে আমরা হয়ত তাঁকে আমেরিকায় ঢুকতে দেব না।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘‌আমেরিকার পক্ষ থেকে কখনও বলা হয়নি বিশ্বকাপ খেলতে ইরানের ফুটবলাররা আসতে পারবে না। কিন্তু আইআরজিসি জঙ্গিদের সাংবাদিক বা ট্রেনার সাজিয়ে নিয়ে আসা যাবে না।’ প্রসঙ্গত, আইআরজিসিকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।


এটা ঘটনা, রুবিও ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আশ্বাস দিলেও কয়েক দিন আগে সংশয় বাড়িয়েছিলেন ট্রাম্প ঘনিষ্ঠ পাওলো জামপোলি। তিনি বলেছিলেন, ইরানের পরিবর্তে বিশ্বকাপে ইতালিকে খেলার সুযোগ দেওয়া হোক। ফিফা অবশ্য এই দাবি মানেনি। আবার আমেরিকা থেকে ইরানের ম্যাচ সরানোর দাবিও খারিজ করে দিয়েছে। অন্য দিকে ট্রাম্পও সুর নরম করে বলেছিলেন, ‘আমরা ইরানের ফুটবলারদের উপর সংঘাতের কোনও প্রভাব ফেলতে চাই না।’