আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত হলেই বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ ব্যানার্জি। বাংলার সিনিয়র দল এবং ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম ক্রিকেটার ছিলেন তিনি। বড়দিন এবং নতুন বছরের জন্য কলকাতা যখন সেজে উঠেছে তার মধ্যেই এই দুঃসংবাদ নেমে এল কলকাতা ময়দানে। জানা গিয়েছে, প্রাক্তন রঞ্জি ক্রিকেটারকে সম্মান জানিয়ে সিএবির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পতাকা অর্ধনমিত রাখার। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শুভজিতের। কলকাতা ময়দানে শুভজিৎ পরিচিত ছিলেন ঘোড়া নামে। সোমবার দুপুর ১২.৩০ নাগাদ সোনারপুরে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় শুভজিতের। জানা গিয়েছে, এদিন সকালে উঠে জলখাবারও খেয়েছিলেন শুভজিৎ। তারপর ফের ঘুমিয়ে পড়েন।
বেলা বাড়লেও ঘুম থেকে ওঠেননি। শুভিজতের বাবা অনেক ডাকাডাকি করার পরেও না ওঠায় চিকিৎসককে ডাকা হয়। দু’জন চিকিৎসক এসে শারীরিক পরীক্ষা করে শুভজিৎকে মৃত বলে ঘোষণা করেন। নিজের কেরিয়ারে সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন ক্রিকেট দল, ইস্টবেঙ্গল ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। রঞ্জি খেলেছেন বাংলার হয়ে। ২০১৪ সালে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে অভিষেক হয়েছিল শুভজিতের। ওড়িশার বিরুদ্ধে সেই ম্যাচে ব্যাট করে ৩৩ রান করেছিলেন তিনি। সেই বছরই বরোদার বিরুদ্ধে রঞ্জি অভিষেকও হয় এই ব্যাটারের। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৪৪ করেন শুভজিৎ। দাপটের সঙ্গে খেলেছেন ইস্টবেঙ্গল ক্লাবেও।
