আজকাল ওয়েবডেস্ক:‌ শিমরন হেটমায়ার। একাই উড়িয়ে দিয়েছেন জিম্বাবোয়েকে। ৩৪ বলে ৮৫ রানের ইনিংস খেলেছেন। যাতে রয়েছে সাতটি চার ও সাতটি ছয়। ম্যাচে একাধিক নজিরও গড়েছে ক্যারিবিয়ানরা। এদিকে, ম্যাচ জিতেই ভারতকে হুমকি দিয়েছেন হেটমায়ার।


মাত্র ১৯ বলে করেছেন অর্ধশতরান। যা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১ মার্চ ইডেনে ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে তাদের। সেই ম্যাচের আগে ভারতকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন হেটমায়ার।


ম্যাচের সেরা হেটমায়ার বলেছেন, এখন আর মুখে বেশি কথা বলেন না তিনি। হেটমায়ার বলেছেন, ‘‌আগে অনেক বেশি ভাবতাম। ব্যাট করতে নামার আগে ভাবতাম, কীভাবে খেলব। কোথায় মারব। এখন আর সে সব ভাবি না। এখন আমার ব্যাটই কথা বলে।’‌


গ্রুপের শেষ ম্যাচে ইতালির বিরুদ্ধে রান পাননি হেটমায়ার। তাই সুপার এইটের শুরুতে বড় রান চেয়েছিলেন হেটমায়ার। আর তা পেরেছেন। হেটমায়ার বলেছেন, ‘‌আগের ম্যাচে রান পাইনি, খারাপ লেগেছিল। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ছন্দ ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ। সামনের ম্যাচগুলোতেও সেটা করার চেষ্টা করব।’‌ 


বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন নম্বরে নামছেন হেটমায়ার। নতুন ভূমিকায় অনেক বেশি বল পাচ্ছেন তিনি। তা কাজেও লাগাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার বলেই দিচ্ছেন, ‘‌আমার সুবিধা হচ্ছে। আরও বেশি বল খেলতে পারছি। শুরুতে সময় নিতে পারছি। নিজের মতো করে ইনিংস চালাতে পারছি। আমার উপর দল ভরসা রেখেছে। তার দাম দিতে পারছি।’‌


রবিবার সুপার এইটের শেষ ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি। সেই ম্যাচের উপরেই নির্ভর করতে পারে, কোন দল সেমিফাইনালে জায়গা করে নেবে। তার আগে সূর্যকুমার যাদবদের চিন্তা বাড়িয়ে দিয়েছেন হেটমায়ার। ভারতের বিরুদ্ধে তিনি এই ফর্মে খেললে কিন্তু কপালে দুঃখ আছে সূর্যকুমার যাদবদের।