আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া। ইডেনে মরণ বাঁচন ম্যাচ বলা যাক কিংবা অলিখিত কোয়ার্টার ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করলেন সঞ্জু স্যামসন।

কিন্তু কেরালাইট ক্রিকেটারের ব্যাট ডু অর ডাই ম্যাচে কথা বললেও যার ব্যাটিং নিয়ে গত কয়েক মাস ধরে ব্যাপক চর্চা হচ্ছিল তিনি কিন্তু এখনও জ্বলে উঠতে পারেননি। তাঁর নাম অভিষেক শর্মা।

এরপরেই প্রশ্ন উঠছে আর কবে? যখন, যেদিন তাঁকে সবথেকে দরকার ভারতের সেদিনও তিনি সাইলেন্ট মোডে। আজ সঞ্জু অমানবিক ইনিংস খেলে দিয়েছেন তাই হয়তো চর্চা কম হবে।

তবে অভিষেকের এই টানা ব্যর্থতা ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে। তবে তাঁর মতো ব্যাটারকে বাইরে বসিয়ে রাখার সাহস দেখাতে পারবে কি?

সঞ্জু স্যামসনকে তো বসিয়ে রাখা হয়েছিল বিশ্বকাপের শুরুতে। এদিন তিনি দেখিয়ে দিলেন তিনি কী করতে পারেন। আর যাকে নিয়ে এত আশা, এত চর্চা তিনি এখনও ব্যাট হাতে চুপ রয়েছেন।

গত কয়েক মাসে দ্বিপাক্ষিক সিরিজগুলিতে কার্যত একা হাতে টিম ইন্ডিয়ার হয়ে ম্যাচ জিতিয়েছেন তিনি। তার মধ্যে এশিয়া কাপও রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে তো চর্চা শুরু হয়ে গিয়েছিল অভিষেক শর্মা ক্রিজে থাকলে ৩০০ রানও তোলার ক্ষমতা রয়েছে ভারতের।

কিন্তু আইসিসি টুর্নামেন্ট অন্য রকম। এমনি এমনি তো শচীন, সৌরভ, কোহলি, ধোনি, বা অভিষেকের অন্যতম শিক্ষক যুবরাজকে বড় মাপের ক্রিকেটার বলা হয় না।

আলাদা টেম্পারমেন্ট, আলাদা মানসিকতা নিয়ে নামতে হয়। এখনও পর্যন্ত অভিষেকের ব্যাট জ্বলে উঠেছে শুধুমাত্র জিম্বাবোয়ের বিরুদ্ধে। তবে অর্ধশতরান করলেও সেই চেনা ভঙ্গি দেখা যায়নি।

এদিন ইডেনে কোয়ার্টার ফাইনালেও ব্যর্থ হলেন অভিষেক। যে বলটায় আউট হলেন দ্বিপাক্ষিক সিরিজ হলে সেটা হয়তো মাঠের বাইরে গিয়ে পড়ত। বিশ্বকাপে প্রতিটা দলই আলাদা করে বাঁহাতি এই ওপেনারকে নিয়ে হোমওয়ার্ক করে নেমেছে।

কিন্তু সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অভিষেকের ফর্ম টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখবে একথা বলাই যায়। এখনও পর্যন্ত তিন ম্যাচে শূন্য, একটি ম্যাচ বাইরে বসেছেন অসুস্থতার জন্য, গত ম্যাচে রান পেয়েছেন এবং এদিন ইডেনেও চাপের মুখে ব্যর্থ হলেন।

ব্যাটিং নিয়ে চিন্তা অভিষেকের ফিল্ডিংয়েও প্রভাব ফেলেছে কি? এদিন ম্যাচের শুরুতে শাই হোপের লোপ্পা ক্যাচ ফেলে দিলেন তিনি। খুব একটা চনমনেও দেখাচ্ছিল না তাঁকে।

অন্য ওপেনার সঞ্জু স্যামসন যেভাবে পরিপক্কতা দেখালেন, ধীরে ধীরে ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন, তাড়াহুড়ো করলেন না, সেটাই হয়তো এখন অভিষেকের দরকার।

তাড়াহুড়ো নয়, নিজেকে সময় দাও, মাথা ঠান্ডা রাখো, সুযোগ ঠিক আসবে। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে এবার মিশন ইংল্যান্ড। ওয়াংখেড়েতেই তবে ভাগ্যের চাকা ঘুরবে অভিষেকের? উত্তর দেবে সময়ই।