আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড। মেগা ফাইনালের বল গড়ানোর আগে ভারতীয় শিবিরকে হুমকি দিয়ে রাখলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। 

অন্যদিকে বহু যুদ্ধের সাক্ষী ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমিফাইনাল জিতে ভারত পৌঁছেছে আহমেদাবাদে। 

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার ফাইনাল। তার আগে কিউয়ি অধিনায়ক স্যান্টনার ভারতীয় শিবিরকে হুমকি দিয়ে রাখলেন। বললেন, অনেকের হৃদয় ভেঙে দেবেন তাঁরা। 

ইডেনের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করল প্রোটিয়া-ব্রিগেড। বলা ভাল নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করল প্রোটিয়া ব্রিগেড। ৩৩ বলে ১০০ রান করে ফিন অ্যালেন অপরাজিত থেকে যান। ১০টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। 

ফিন অ্যালেন রবিবার শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে চাইবেন এ কথা বলাই বাহুল্য। তাঁকে কীভাবে ভারতীয়রা শান্ত রাখেন, সেটাই দেখার। 

২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ভারতীয় ব্রিগেডকে স্তব্ধ করে দিয়েছিল। গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা ভারত এসে থেমে গিয়েছিল ফাইনালে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া খেতাব জিতে নিয়েছিল। এবারও সেই রকমই কিছু ঘটানোর চেষ্টায় রয়েছেন কিউয়িরা। 

স্যান্টনার বলছেন, ''দর্শকদের স্তব্ধ করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। কিন্তু ক্রিকেটে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ভারতের মাটিতে জেতার চাপ রয়েছে।'' 

বাস্তবের মাটিতে পা দিয়ে চলা স্যান্টনার বলছেন, ''এবারের বিশ্বকাপে দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে ব্যবধান কেবল উনিশ আর বিশ। এমনও অনেক ম্যাচ রয়েছে যেখানে একটা মুহূর্তে ম্যাচের ভোল বদলে গিয়েছে। ইংল্যান্ড প্রায় রান তাড়া করে জিতে নিচ্ছিল। দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। কিন্তু আমাদের বিরুদ্ধে ওরা হেরে গেল। ফলে আমরা যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারি, তাহলে আপসেট করতেই পারি।'' 

ঘরের মাঠে খেলছে ভারত। ফলে ভারতের উপরে প্রত্যাশার চাপ বেশি। স্যান্টনার বলছেন, ''বিশ্বজয়ের জন্য ভারতের উপরে চাপ বেশি। আমরা  যদি ভারতের উপরে আরও চাপ বাড়াব, তার পরে দেখা যাক কী হয়।'' 

ফাইনালের আগে স্যান্টনার একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতকে। ওয়াঘার ওপার থেকেও একই ভাবে সতর্ক করা হয়েছে ভারতীয় দলকে। ২০২৩ সালে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ভারতকে থামিয়ে দিয়েছিল এই আহমেদাবাদে। এবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটাতে চান স্যান্টনাররা। কী হবে তার উত্তর দিয়ে যাবে রবিবারের রাত।