আজকাল ওয়েবডেস্ক: নামিবিয়া ম্যাচের আগে আবার ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য অনিশ্চিত আরও এক ওপেনার। পেটের সংক্রমণের জন্য বৃহস্পতিবারের ম্যাচে অভিষেক শর্মা খেলতে পারবেন কিনা এখনও জানা নেই। তারমধ্যে প্র্যাকটিসে চোট পান ঈশান কিষাণ। বুমরার ইয়র্কার উইকেটকিপার ব্যাটারের পায়ে লাগে। ব্যথায় কাতর হয়ে পড়েন ঈশান। মাঠেই কিছুক্ষণ শুশ্রূষা চলে। তারপর খোঁড়াতে খোঁড়াতে নেট ছাড়েন। তার কিছুক্ষণ পরে আবার ব্যাট করতে নামেন। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি।

বুধবার প্র্যাকটিসে দুর্দান্ত ছন্দে ছিলেন ঈশান। কিন্তু চোট চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। অভিষেক হাসপাতাল থেকে ছাড়া পেলেও, নামিবিয়া ম্যাচে এখনও অনিশ্চিত। তাই সঞ্জু স্যামসনকে তৈরি রাখা হচ্ছে। শেষপর্যন্ত সুস্থ না হতে পারলে, তাঁর জায়গায় ওপেন করবেন সঞ্জু। তবে বিধ্বংসী ওপেনারকে পাওয়ার বিষয়ে আশাবাদী ভারতীয় শিবির। বুধবার তিলক বর্মা বলেন, 'ম্যাচের আগে এখনও একদিন হাতে সময় আছে। ও কেমন আছে দেখার পর আমরা ম্যাচের দিনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।' 

নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করতে দেখা যায় স্যামসনকে। যা একটা ইঙ্গিত দিচ্ছে। ঈশান চোট পেলেও, ভারতীয় শিবিরের জন্য সুখবর বুমরার প্রত্যাবর্তন। পরপর দু'দিন নেটে পুরোদমে বল করেন তারকা পেসার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে না খেলতে পারলেও, নামিবিয়া ম্যাচে ফিরবেন। তারপরই পাকিস্তানের মুখোমুখি ভারত। বৃহস্পতিবার তার মহড়া সেরে রাখতে চাইবেন বুমরা। তিলক বলেন, 'বুমরা এখন সম্পূর্ণ ফিট। আমাদের হাতে আরও একটা দিন আছে। আশা করা যাচ্ছে, ও দলে ফিরবে। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। আমার মনে হয়, নামিবিয়া ম্যাচে খেলবে।' নেটে বল করার পর ক্যাচিং ড্রিলেও অংশ নেন বুমরা। নেটে ব্যাট এবং বল করতে দেখা যায় ওয়াশিংটন সুন্দরকে। খোলামেলা মেজাজে ছিলেন সূর্যকুমার যাদব। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাঁকে। প্রস্তুতির পাশাপাশি কর্তা এবং ফ্যানদের সঙ্গে ফটোসেশনও চলে। সেলফি তুলতে দেখা যায় রিঙ্কু সিং এবং কুলদীপ যাদবকেও। বিশ্বকাপের প্রথম ম্যাচ অনায়াসে জেতায় ভারতীয় শিবিরে ফুরফুরে মেজাজ। বৃহস্পতিবার আরও এক কমজোরী প্রতিপক্ষের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। নামিবিয়ার বিরুদ্ধে পাকিস্তান ম্যাচের মহড়া সারবেন সূর্যকুমার যাদবরা। শুক্রবার কলম্বোর উদ্দেশে রওনা হবে ভারতীয় দল। মাঝে মাত্র একদিন প্রস্তুতির সময়।