আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের প্রথম দিন থেকে পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির ভারতীয় দলকে কটাক্ষ করে আসছেন। প্রথমে তিনি আক্রমণ করেছিলেন অভিষেক শর্মাকে। তার পরে বলেছিলেন ভারত সেমিফাইনালে পৌঁছতে পারবে না। তার পরে তাঁর কথার সুর বদলে যায়। বলতে থাকেন, ভারত ফাইনালে যাবে না। সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া বারংবার মহম্মদ আমিরকে ভুল প্রমাণিত করেছে। 

এবার ফাইনালের আগে মহম্মদ আমির সবাইকে ছেড়ে এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফকে তীব্র ভাষায় আক্রমণ করে বসলেন। 

নিজের ইউটিউব চ্যানেলে আমির ভারতের প্রাক্তন তারকাকে আক্রমণ করে বলেন, ''ওর ক্রিকেট কেরিয়ার সম্পর্কে আমার বিশেষ কিছু জানায়নি। আমি ওর স্ট্যাটস দেখেছি। আইপিএলে মাত্র ২৯টি ম্যাচ খেলেছে। স্ট্রাইক রেট ১০৩। ও বলেছে ভারত সম্পর্কে মন্তব্য করে আমি নাকি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। প্রথমত ভারত সম্পর্কে মন্তব্য করে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই না। মিস্টার কাইফ আমি ৩৫০টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। তুমি আমার পরিসংখ্যান খতিয়ে দেখতে পারো।''

পাক ক্রিকেটার অসম্মান করেছেন ভারতের তারকাকে। আমির বলেছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ জানাতে পারেন জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য। কেবলমাত্র ফিল্ডিংয়ের জন্য কাইফ জাতীয় দলে সুযোগ পেতেন বলেই কটাক্ষ করেছেন আমির। তিনি বলেছেন, ''ফিল্ডিংয়ের জন্য আমি কেবল দলে ছিলাম না। পারফরম্যান্স করে আমি দলে থেকেছি। আপনি দাদাকে ধন্যবাদ জানান। আমি শুনেছি আপনি কেবলমাত্র ফিল্ডিংয়ের জন্যই দলে ছিলেন। আপনি নিজে ক্রিকেটার। এই ধরনের মন্তব্য আপনার কাছ থেকে প্রত্যাশিত নয়।''

কিন্তু আমির কেন হঠাৎ কাইফকে আক্রমণ করতে গেলেন?  কাইফ বলেছিলেন, ''২০২৪ সালে আমেরিকার বিরুদ্ধে যে দলটা হেরেছিল সেই দলের বোলার ছিলেন একজন। সেই ওভারে মাত্র একটা বাউন্ডারি হজম করেছিলেন তিনি কিন্তু অনেকগুলো ওয়াইড বল করেছিলেন। তাঁর ডেলিভারিগুলো স্টাম্পের কাছেই পড়েনি। আমেরিকার বিরুদ্ধে তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন। তাঁর জন্যই হার মেনেছিল দল। এর বেশি আমি আর কিছু বলব না।'' 

কাইফ আরও বলেন, ''আমরা কেন ওদের উপরে ফোকাস করতে যাব?  ওই দেশ খেলাধুলোয় আমাদের থেকে অনেক পিছিয়ে রয়েছে। কোনও ভাল প্লেয়ার নেই, ভাল কোনও অধিনায়ক নেই, কিছুই নেই। ওরা যা পারে করুক। ওদের সব কথায় আমাদের উত্তর দেওয়ার কিছু নেই। ওদের সমস্যা অন্য। ওদের প্রতিটি কথায় যদি আমরা উত্তর দিই, তাহলে ওদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে। ওরা সেটাই চায়।'' 

কাইফের এহেন মন্তব্যের পরেই আমির তীব্র আক্রমণ শানান ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।