আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে পরামর্শ দিলেন দেশের প্রাক্তন তারকা মহম্মদ কাইফ। ফর্মে না থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ছাড়াই ফাইনালে নামতে বলছেন তিনি। 

চলতি বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই অভিষেক শর্মা। অথচ তাঁর কাছ থেকে এবার প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু প্রথম ম্যাচ থেকেই হৃদয় ভেঙেছেন অভিষেক। একটি ম্যাচে কেবল পঞ্চাশ করেছেন তিনি। তাও আবার জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই কারণেই ফাইনালের আগে কাইফ বলছেন, ''ভারত অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে পারে। অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে অভিষেক। দলে পরিবর্তন করতে কোনও সমস্যা তো নেই। কনিষ্ঠ ফরম্যাটে পরিবর্তন করাই যায়। ব্র্যান্ডন কিং ফর্মে ছিল না। তার জায়গায় রস্টন চেজ ওপেন করেছিল ভারতের বিরুদ্ধে। পাঁচ-ছ'টা ম্যাচে ওর পাশে ছিল দল। কিন্তু বড় ম্যাচে ওকে বিশ্রাম দেওয়া হয়। সঞ্জুকে ফিরিয়ে এনে লাভ হয়েছিল।  পরিবর্তন কাজে এসেছিল। অভিষেককে ফাইনালে বিশ্রাম দেওয়াই যেতে পারে।'' 

কিন্তু অভিষেক শর্মার পরিবর্তে কাকে খেলানো যাবে? কাইফ বলছেন, ''ভারতীয় দলে প্রমাণিত প্লেয়ার রয়েছে। রিঙ্কু সিং সর্বত্র রান পেয়েছে-সে টেস্ট হতে পারে, আইপিএল হতে পারে বা রঞ্জি ট্রফি। কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ সর্বত্র উইকেট নিয়েছে। ডাগ আউটের দিকে তাকালে দেখা যাবে রিঙ্কু সিং বসে রয়েছে। ওকে ফিরিয়ে আনো। যে ফর্মে নেই, ফর্ম হাতড়ে বেড়াচ্ছে, তার জায়গায় এমন এক ক্রিকেটারকে আনো যে ভাল করেছে।'' 

ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং সেমিফাইনালে সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্যাটিং করেন। সঞ্জুর প্রশংসা করে কাইফ বলছেন, ''টি-টোয়েন্টিতে সঞ্জু আট হাজারের বেশি রান করেছে। রান হোক বা ছক্কা হাঁকানো, সঞ্জুর নাম আইপিএলে সেরা দশে থাকবে। ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ক্রিকেটার সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা এখনও নতুনই বলা যায়। ফিনিশড প্রোডাক্ট ও নয়। এখনই সঞ্জুর সঙ্গে অভিষেকের তুলনা করা উচিত নয়। সঞ্জু এখনই ফিনিশড প্রোডাক্ট। ভারতের হয়ে ১১ বছর আগেই অভিষেক ঘটেছিল সঞ্জুর।''