আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ফ্লপ অভিষেক শর্মা। জিম্বাবোয়ে ম্যাচ ছাড়া তাঁর ব্যাট কথা বলেনি মেগা টুর্নামেন্টে। 

ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি নব্য তারকার বারংবার উইকেট ছুড়ে  আসা দেখার পরে বলছেন, উইকেটের কোনও মূল্য নেই ওর কাছে। অল্প সময়ে তারকা হয়ে উঠেছে অভিষেক। সুপারস্টার হয়ে উঠতে হলে মানসিকতা ও শট নির্বাচনের উপরে জোর দিতে হবে। 

মনোজ তিওয়ারি বলছেন,''খুব অল্প সময়ে অভিষেক শর্মা তারকা হয়ে উঠেছে। কিন্তু সুপারস্টার হতে হলে দলকে জেতাতে হবে। এখন প্রতিযোগিতা বেশি, দলে রয়েছে অনেক ম্যাচ উইনার, ওকে সবার থেকে এগিয়ে থাকতে হবে।'' 

অভিষেককে নিয়ে হচ্ছে সমালোচনা। ওয়াঘার ওপার থেকে ধেয়ে আসছে কটাক্ষ। প্রায় প্রতিদিনই মহম্মদ আমির তোপ দাগছেন অভিষেকের বিরুদ্ধে। এরকম পরিস্থিতিতে সমালোচনা থামাতে হলে অভিশেক শর্মাকে রান করতে হবে। রান করে সমালোচকদের মুখ বন্ধ করতে হবে তাঁকে।  

অভিষেক টানা ব্যর্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে তাঁর ফর্ম চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে। তবে তাঁর মতো ব্যাটারকে বাইরে বসিয়ে রাখার সাহস দেখাতে পারবে কি? 

সঞ্জু স্যামসনকে তো বসিয়ে রাখা হয়েছিল। ইডেনে তিনি ঝলসে উঠেছেন। দেখিয়ে দিলেন তিনি কী করতে পারেন। আর যাঁকে নিয়ে এত আশা, এত চর্চা তিনি এখনও ব্যাট হাতে চুপ রয়েছেন! সেমিফাইনালে কি গর্জে উঠবেন তিনি? প্রশ্ন এখন অনেক। অভিষেকের জবাবের অপেক্ষায় সবাই।