আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপে অঘটন প্রায় ঘটিয়েই ফেলেছিল নেপাল। ইংল্যান্ডকে হারানোর মতো জায়গায় চলে গিয়েছিল। যদিও শেষ অবধি ব্রিটিশরা চার রানে জিতে যায়। 


একটুর জন্য হারলেও নেপালের লড়াই ক্রিকেটবিশ্বের নজর কেড়ে নিয়েছে। প্রাক্তন ক্রিকেটাররাও প্রশংসা করেছেন। নেপালের লড়াই দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডেল স্টেন। তিনি কোনওভাবে নেপাল দলের সঙ্গে যুক্ত হয়ে পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


নেপালের খেলা দেখার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন স্টেন। তিনি লেখেন, ‘‌নেপাল, তোমাদের যদি দরকার হয় তাহলে আমি সাহায্য করতে তৈরি। আরও উঁচুতে ওঠো।’‌


প্রতিবেশী দেশের খেলাকে কুর্নিশ করেছেন যুবরাজ সিংও। তিনি লিখেছেন, ‘‌নেপালের প্রতি সমীহ বেড়ে গেল। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে নেমে, শেষ বল পর্যন্ত ওরা লড়াই করে গিয়েছে, হৃদয় দিয়ে খেলে নিজেদের জাত চিনিয়েছে! এভাবেই কোনও দলের উন্নতি হয় এবং চ্যাম্পিয়নরা উঠে আসে। ক্রিকেটবিশ্ব তোমাদের দেখছে!’‌


এটা ঘটনা, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮৫ রান তাড়া করতে নেমে উইকেট হারালেও চাপে পড়েনি নেপাল। কুশল ভুরতেল, রোহিত পৌড়েল এবং শেষের দিকে লোকেশ বাম প্রায় জিতিয়ে এনেছিলেন দলকে। শেষ ওভারে ১০ রান দরকার ছিল। কিন্তু স্যাম কারেনের নিয়ন্ত্রিত বোলিং ইংল্যান্ডকে জিতিয়ে দেয়। ম্যাচ দেখে রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, ‘‌অসাধারণ খেলল নেপাল। ক্রিকেটের উঠতি দেশগুলোর মধ্যে নিঃসন্দেহে ওরাই সেরা। যথেষ্ট প্রতিভা আছে ওদের দলে। এভাবেই এগিয়ে যাক।’‌ 

‌‌