আজকাল ওয়েবডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। শ্রেয়স আইয়ারের টি-২০ অধিনায়ক হিসেবে অভিষেকের মঞ্চে নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে। একাই যাবতীয় প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন ১৫ বছরের বালক। ক্রিকেটমহলে একটিই প্রশ্ন ঘুরছিল, আয়ারল্যান্ড সিরিজে দেশের জার্সিতে হাতেখড়ি হবে বৈভবের? সেই অপেক্ষা কিছুটা দীর্ঘায়িত হল। শুক্রবার বেলফাস্টে আয়ারল্যান্ডে বিরুদ্ধে প্রথম টি-২০ ভারতের। কিন্তু সেই ম্যাচে নেই বৈভব সূর্যবংশী। টি-২০ বিশ্বকাপজয়ী দলের ওপরই আস্থা রাখেন সংক্ষিপ্ত ফরম্যাটের নতুন অধিনায়ক। সুযোগ দেওয়া হয়নি উঠতি তারকাকে।
সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। ভারতের নতুন নেতা জানান, প্রথম একাদশে নেই বৈভব। অর্থাৎ, সিনিয়র টিমে জায়গা পেতে আরও অপেক্ষা করতে হবে বিস্ময় বালককে। এই প্রসঙ্গে শ্রেয়স বলেন, 'আমার মনে হয়, সময় এলেই ও সুযোগ পাবে।' এদিন বেলফাস্টে বৈভবকে প্রথম দলে সুযোগ করে দেওয়া বড় চ্যালেঞ্জ ছিল টিম ম্যানেজমেন্টের সামনে। প্রথমে আইপিএল, তারপর ভারতীয় এ দলের হয়ে সিরিজে অনবদ্য পারফরম্যান্সের জন্য একপ্রকার নিশ্চিত ছিল, শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ তেই অভিষেক হবে সূর্যবংশীর। কিন্তু পাশাপাশি বোঝা যাচ্ছিল, তাঁকে দলে সুযোগ করে দেওয়া মোটেই সহজ হবে না ভারতীয় থিঙ্কট্যাঙ্কের জন্য।
বর্তমানে ভারতীয় ব্যাটিং অর্ডারে প্রথম তিনে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং ঈশান কিষাণ। তাঁদের টি-২০ রেকর্ড অগ্রাহ্য করা যাবে না। আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেন টপ থ্রি। সেটাই ভারতের শেষ টি-২০ টুর্নামেন্ট। বৈভবকে খেলাতে চাইলে, দুই ওপেনারের মধ্যে একজনকে বসাতে হত। সেক্ষেত্রে জায়গা ছাড়তে হত সঞ্জু বা অভিষেককে। বিশ্বকাপ জেতার পর এই সিদ্ধান্ত নেওয়াই কঠিন ছিল। শেষপর্যন্ত সেই সাহসী সিদ্ধান্ত নিতে পারল না শ্রেয়স আইয়ার-গৌতম গম্ভীর জুটি। তবে তুলনায় ধারে-ভারে কমজোরী আয়ারল্যান্ডের বিরুদ্ধেই বৈভবকে সুযোগ দেওয়ার ঝুঁকি নেওয়া উচিত ছিল। ভারতীয় দল এবং সূর্যবংশী, দুই পক্ষের জন্যই এটা আদর্শ মঞ্চ ছিল।















