আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালের জয়ের পর ড্রেসিংরুমে কোচ গৌতম গম্ভীরের বক্তব্যই নাকি দলকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।
এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, ম্যাচ জয়ের পর গম্ভীর ড্রেসিংরুমে বিশ্বকাপ ট্রফি সবার সামনে রেখে বলেন, দলের কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগত রানের রেকর্ড বা মাইলফলকের নয়, ট্রফি জয়ই শেষ পর্যন্ত মানুষের মনে থাকে। সূর্যকুমারের কথায়, ‘ওটা গৌতি ভাইয়েরই কথা ছিল। উনি ট্রফিটা সামনে রেখে বললেন, এইটাই আমাদের ড্রেসিংরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এর বাইরে কিছুই গুরুত্বপূর্ণ নয়। তুমি কত রান করলে, সেটা মানুষ ভুলে যাবে। কিন্তু এই ট্রফিটা সবাই মনে রাখবে। দল হিসেবে আমরা ক’টা চ্যাম্পিয়নশিপ জিতলাম, সেটাই আমাদের পরিচয় হয়ে থাকবে। তুমি ১০০টা ম্যাচ জিততে পারো, কিন্তু কেউ মনে রাখবে না। বিশ্বকাপ জয় সবাই মনে রাখবে। কোচের এই চিন্তাধারাই আমাদের আরও অনুপ্রাণিত করেছে।’
২০২৪ সালে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল নতুন মন্ত্রে খেলছে।
এই জুটি একসঙ্গে কাজ শুরু করার পর থেকে ভারত এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি। পাশাপাশি ২০২৫ সালের এশিয়া কাপও জিতেছে দল।
সচরাচর মাঠে গম্ভীরকে খুব একটা হাসতে দেখা যায় না, তিনি গম্ভীর স্বভাবের বলেই পরিচিত। তবে এই বিশ্বকাপে দলের পারফরম্যান্সে তিনি কতটা খুশি ছিলেন, সে প্রশ্নের উত্তরে সূর্যকুমার বলেন, টুর্নামেন্টের শুরুতে কোচকে হাসার সুযোগই দেয়নি দল।
তিনি বলেন, ‘প্রথম চারটি ম্যাচে আমরা ওনাকে হাসার সুযোগই দিইনি। কিন্তু তারপর থেকে উনি খুব খুশি ছিলেন। কারণ আমার মনে হয়, ভারতের কোনও টি-টোয়েন্টি দল আগে এমনভাবে ব্যাট করেনি। ২৫০, ২৫৬ রান করা, বড় রান তাড়া করা। ফাইনালের পর আমি মনে করি, উনিই সবচেয়ে বেশি হেসেছিলেন, সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন।’
