আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীরকে হাসানোর চেষ্টা বহুবার করেছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়। গম্ভীরের মুখে হাসি ফোটেনি। 

কিন্তু ভারত বিশ্বজয়ের পরে গম্ভীরকে হাসতে দেখা গিয়েছে। ভারতের বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব সাজঘরের গোপন তথ্য ফাঁস করেন। 

সূর্য বলেছেন, ''বিশ্বকাপের সময়ে আমরা বহুবার গম্ভীরকে হাসানোর চেষ্টা করেছি। কারণ শুরু থেকে ফাইনাল পর্যন্ত আমাদের খেলাগুলোয় তীব্রতা ছিল। বিশ্বকাপ জেতার পরে গম্ভীরের মুখে হাসি ফোটে। ওঁকে হাসতে দেখে সবাই তখন হাসতে শুরু করেন।'' 

সর্বসমক্ষে ভারতের হেডস্যরকে কেউ কখনও হাসতে দেখেননি। তাঁকে সবাই গম্ভীরই থাকতে দেখেছেন। 
ফাইনালে ভিভিআইপি বক্সে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায় রোহিত শর্মা ও জয় শাহর সঙ্গে। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরে ধোনি ইনস্টাগ্রামে লেখেন, ''আহমেদাবাদে ইতিহাস তৈরি হল। ভারতীয় দলকে অভিনন্দন, সাপোর্ট স্টাফ ও দেশেবিদেশে ছড়িয়ে থাকা ভারতীয় সমর্থকদেরও অভিনন্দন জানাই। কোচ সাহাবকে হাসতে দেখে দারুণ লাগছে। তীব্রতার সঙ্গে এই হাসি কিলার কম্বো।'' 

গম্ভীর থেকে গৌতম ভারতের সমস্ত ক্রিকেট-অনুরাগীদের মুখে হাসি ফুটিয়েছেন।