আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বিদেশি ক্রিকেটারদের আচরণ নিয়ে কড়া মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকার। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে কিছু বিদেশি ক্রিকেটারের সরে দাঁড়ানো নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজিগুলিকে এই ধরনের খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। স্পোর্টস্টারের নিজের কলামে সুনীল গাভাসকার লিখেছেন, আইপিএল যতই লাভজনক হোক, কিছু ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির সুযোগ-সুবিধাকে গুরুত্ব দিচ্ছেন না।

তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজির মালিকরা খেলোয়াড়দের জন্য সবরকম ব্যবস্থা করেন। অনেক সময় তাঁদের পরিবারের সদস্যদেরও নিয়ে আসার খরচ বহন করেন। এটি ভারতের আতিথেয়তার অংশ। কিন্তু কিছু খেলোয়াড় বছরের পর বছর ধরে এটিকে নিজেদের অধিকার বলে ধরে নিয়ে তার সুযোগ নিচ্ছেন।’

অন্যদিকে, সুনীল গাভাসকার স্বীকার করেছেন, কিছু ক্রিকেটার এবারের আইপিএলে খেলছেন না চোটের কারণে। গত ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছেন একাধিক ক্রিকেটার।

তাঁরা চলতি বছরের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে, ব্যস্ত সূচির কারণে অনেকে চোট পেয়েছেন, তাঁরাও বিশ্রামে থাকছেন। তবে এমনও ক্রিকেটার রয়েছেন যাঁদের অনুপস্থিতির পিছনে চোট দায়ী নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।

তিনি আরও লেখেন, ‘ইতিমধ্যেই শোনা যাচ্ছে, কিছু ক্রিকেটার নানা কারণে খেলতে পারবেন না, অথচ ফ্র্যাঞ্চাইজিকে আগে থেকে তা জানানো হয়নি। ফ্র্যাঞ্চাইজির মালিকরা যদি এখনই কঠোর না হন এবং এই খেলোয়াড়দের বাদ না দেন, তাহলে শিরোপা জয়ের পরিকল্পনা ভেস্তে যাবে।’

এক প্রতিবেদন মারফত জানা গিয়েছে, নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনের এবার পাঞ্জাব কিংসের হয়ে খেলার কথা। কিন্তু সন্তানের জন্মের কারণে মরশুমের শুরুর কিছু ম্যাচে তাঁকে নাও দেখা যেতে পারে।

যদিও সুনীল গাভাসকার তাঁর লেখায় সরাসরি ফার্গুসনের নাম উল্লেখ করেননি। অন্যদিকে, প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া গোটা বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘এটা খারাপ কিছু নয়, কাউকে বিচার করা উচিত নয়। আমি নিজেও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। যদি কেউ ছুটি নিতে চায়, সেটাও স্বাভাবিক।’ তবে এই ইস্যু ঘিরে আইপিএলে বিদেশি ক্রিকেটারদের প্রতিশ্রুতি ও দায়িত্ববোধ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।