আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ের অন্যতম। দাবি সুনীল গাভাসকরের। হারের জন্য অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্মতুষ্টিতে দায়ী করছেন সুনীল গাভাসকর। পাশাপাশি গাছাড়া মনোভাবকেও দায়ী করেন। নিজের কলমে লেখেন, 'ভারতীয় ক্রিকেটের সবচেয়ে খারাপ দিনগুলোর মধ্যে একটা। ক্রিকেটে নির্দিষ্ট একটা ম্যাচ হারা একরকম। কিন্তু সিরিজ হার আলাদা। তাও আবার দুই ম্যাচের সিরিজ। কাদের বিরুদ্ধে সেটাও বড় ফ্যাক্টর। ভারতীয় ক্রিকেট অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তারমধ্যে কয়েকটার অঙ্গ আমিও। কিন্তু আয়ারল্যান্ডের কাছে হার, খারাপ সময়গুলোর মধ্যে অন্যতম। আয়ারল্যান্ড খুব ভাল ক্রিকেট খেললে, এত খারাপ লাগত না। এটা অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্মতুষ্টির ফল। সঙ্গে গাছাড়া মনোভাব। সেই জন্যই খারাপ লাগছে।' 

দুই ম্যাচে বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন সানি। কিংবদন্তি মনে করেন, ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ড সিরিজেই বৈভবকে সুযোগ দেওয়া উচিত ছিল। এটাই তাঁর জন্য আদর্শ মঞ্চ হতে পারত। এই প্রসঙ্গে গাভাসকর বলেন, 'এই সিরিজেই বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া উচিত ছিল। এবারই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে পারত। আশা করব ওরা আর কোনও সময় নষ্ট করবে না। কয়েকদিনের মধ্যেই শুরু হবে ইংল্যান্ড সিরিজ। আশা করছি, প্রথম ম্যাচেই ওকে খেলানো হবে। ও ব্যর্থ হতেই পারে। কিন্তু খেলতে শুরু করলে, ম্যাচ ইংল্যান্ডের থেকে ছিনিয়ে নিতে পারে। ভারতকে জয় দিয়ে সিরিজ শুরু করার সুযোগ করে দিতে পারে।' ১ জুলাই থেকে চেষ্টার লি স্ট্রিটে শুরু ভারত-ইংল্যান্ড সিরিজ। সানির পরামর্শ কি শ্রেয়স, গম্ভীরদের কানে যাবে?