আজকাল ওয়েবডেস্ক: আরও একবার জ্বলে উঠলেন। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের ইনিংস খেলেছিলেন। রবিবার সেই কল্যাণীতেই রঞ্জি সেমিফাইনালে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলার ওপেনার সুদীপ কুমার ঘরামি অপরাজিত ১৩৬ রানে। ২২৭ বলের ইনিংসে রয়েছে ১৯টি চার এবং একটি ছয়। এদিন বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় জম্মু কাশ্মীর। দিনের শেষে ৭৯.৫ ওভারে বাংলার রান ৫ উইকেটে ২৪৯। দিনের শেষ ওভারের পঞ্চম বলে আউট হন শাহবাজ আহমেদ। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ৯১ বলে ৪২ রান করেন শাহবাজ। তিনি এবং ঘরামি পঞ্চম উইকেটে ৯৪ রান যোগ করেন। 

বাংলার প্রথম উইকেট পড়ে ৪ রানের মাথায়। সুদীপ চ্যাটার্জি সাজঘরে ফেরেন শূন্য রানে। এরপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামি ৮৫ রানের পার্টনারশিপ গড়েন। মধ্যাহ্নভোজের বিরতির পর অভিমন্যু ৯৬ বলে ৪৯ রান করে আকিব নবির বলে বোল্ড হন। চারে নামা সুরজ সিন্ধু জয়সওয়ালকেও (০) নবিই আউট করেন। অনুষ্টুপ মজুমদার ব্যর্থ। আউট হন ১৪ রানে। আকিব নবি এবং সুনীল কুমার দুটি করে উইকেট নেন। আবিদ মুস্তাক নেন এক উইকেট। কত রান নিরাপদ হতে পারে ? সেটা খোলসা করেনি বাংলা শিবির। কিন্তু সোমবার সারাদিন ব্যাট করাই দলের লক্ষ্য, জানান বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা। সুদীপের ব্যাটিংয়ের প্রশংসাও করেন তিনি। তাঁর ব্যাট থেকে আরও একটি দ্বিশতরানের আশায়।