আজকাল ওয়েবডেস্ক: আইএসএল লিগ শিল্ড, আইএসএল কাপ, দুটোই জিতেছেন। তাও একাধিকবার। গত তিন বছর ধরে মোহনবাগানের জয়জয়কার। জুয়ান ফেরান্ডো, আন্তোনিও লোপেজ হাবাসের পর হোসে মোলিনা। প্রথমবার আইএসএল কাপ জয়। পরের দু'বার লিগ শিল্ড জয়। মোলিনার কোচিংয়ে ডবল। কিন্তু এখনও আশা মেটেনি শুভাশিস বসুর। মোহনবাগানের অধিনায়ক জানিয়ে দিলেন নতুন স্বপ্নের কথা। আগেরবার লিগ শিল্ড জেতার সময় তাঁর স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা হন শুভাশিস। এবার নতুন স্বপ্ন সাজিয়ে ফেলেছেন। মেয়েকে কোলে নিয়ে আইএসএল জয় সেলিব্রেট করতে চান। বাংলার নতুন বছরের প্রথমদিন এই অঙ্গীকার নিয়ে ফেললেন। শুভাশিস বলেন, 'আমি আগেও আইএসএল কাপ, আইএসএল লিগ শিল্ড জিতেছি। কিন্তু এবছর আমি বাবা হয়েছি। যার অনুভূতি আলাদা। আমি এবার মেয়ের সামনে আইএসএল জিততে চাই। মেয়েকে কোলে নিয়ে আইএসএল জয় সেলিব্রেট করতে চাই।' অন্যান্যবারের চ্যাম্পিয়নশিপের সঙ্গে এবার এটাই ফারাক শুভাশিসের কাছে।
আগের বছর রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও পাচ্ছিলেন। এবার দ্বৈতভূমিকায় পাওয়া যায়নি বাগান অধিনায়ককে। তবে তাতে কোনও আক্ষেপ নেই। গোল না পেলেও, স্ট্রাইকারদের গোল করতে সাহায্য করেছেন। বাড়িয়েছেন পাস, ভাসিয়েছেন ক্রস। তাতেই খুশি শুভাশিস। আগের বছর এএফসি কাপে খেলতে না যাওয়া নিয়ে ফুটবলারদের ওপর চড়াও হয় সমর্থকরা। একটা সময় পরিস্থিতি গুরুতর আকার নেয়। এবার এখনও আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করা নিয়ে ভাবছেন না শুভাশিস। তবে সমর্থকদের সর্বত্র পাশে থাকার আর্জি জানান। শুভাশিস বলেন, 'আমরা খেলি সমর্থকদের জন্য। ওদের আনন্দ দিতে চাই। সবসময় ওদের মুখে হাসি ফোটাতে চাই। এবছরও আমরা আইএসএল জেতার চেষ্টা করব। তবে সমর্থকদের অনুরোধ করব আমাদের পাশে থাকার জন্য। অনেক সময় অনেক কিছু সম্ভব হয় না। সেটা বুঝতে হবে।' মাঝে কিছুটা লাইনচ্যুত হলেও, পাঞ্জাব ম্যাচ জিতে আবার চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরেছে মোহনবাগান। আর পেছন ফিরে তাকাতে চান না শুভাশিস।
এদিকে বেশ কয়েক বছর মোহনবাগানে কাটিয়ে ফেললেও, বারপুজোয় এই প্রথম। বাঙালিদের এই রীতি দেখে অভিভূত মনবীর সিং। মোহনবাগান তাঁবুতে বসেই নিয়ে ফেললেন শপথ। লিগ শিল্ড জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া। ব্যক্তিগত কোনও টার্গেট নেই। যেভাবেই হোক শুধুমাত্র দলকে সাহায্য করতে চান। মনবীর বলেন, 'বারপুজোয় এবারই আমার প্রথম। ভাল লাগছে। আমার একটাই লক্ষ্য, আইএসএল জেতা। আগেও জিতেছি। এবারও জিততে চাই। আমার ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই। দলকে সাহায্য করতে চাই। দলের জয়ে অবদান রাখতে চাই। নিজের সেরাটা দিতে সমর্থকরা আমাকে উদ্বুদ্ধ করে।' রবিবার গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পরের ম্যাচ মোহনবাগানের। মনবীর জানান, খেতাব দৌড়ে থাকতে হলে গুয়াহাটি থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতেই হবে।
















