আজকাল ওয়েবডেস্ক: ভারতের ক্রিকেট দলে বড়সড় রোটেশনের ইঙ্গিত। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে তারকা ক্রিকেটারদের। উল্লেখ্য ভারত-আফগানিস্তানের একটি মাত্র টেস্ট শুরু হবে ৬ জুন। চলবে ১০ জুন।
ভারতের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে একাধিক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে।
চলতি আইপিএলে ঠাসা সূচির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নির্বাচকরা বিশেষভাবে নজর রাখছেন টেস্ট খেলোয়াড়দের ফিটনেসের উপর।
যেহেতু এই একমাত্র টেস্ট ম্যাচে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নেই, তাই ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
ফলে অধিনায়ক শুভমন গিল, পেসার জশপ্রীত বুমরাহ-সহ একাধিক নিয়মিত টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে।
বিশেষ করে গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স যদি প্লে-অফের টিকিট জোগাড় করে, তাহলে গিল, বুমরাহ ও মহম্মদ সিরাজ-দের বিশ্রামের সম্ভাবনা আরও বাড়বে।
যদিও মুম্বই প্লে-অফে পৌঁছক বা না পৌঁছক, বুমরাহকে বিশ্রাম দেওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, যারা সীমিত ওভারের দলে নেই, যেমন সাই সুদর্শন, তাঁদের সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি তরুণ ও ঘরোয়া ক্রিকেটারদের টেস্ট অভিষেকের সুযোগ তৈরি হতে পারে। সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন গুরনূর ব্রার, মানভ সুতার, আকিব নবি, নীতিশ কুমার রেড্ডি ও হর্ষ দুবে।
তবে অধিনায়ক গিলের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না এবং গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে লাল বলের প্রস্তুতির জন্য এই ম্যাচ খেলতেও পারেন।
আইপিএলের লিগ পর্ব শেষ হবে ২৪ মে। যেসব দলের খেলোয়াড়রা প্লে-অফে উঠতে পারবে না, তারাই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচকদের মতে, আইপিএল ফাইনাল ও টেস্ট ম্যাচের মধ্যে সময় খুবই কম। সামনে রয়েছে তিনটি ওয়ানডে, তারপর ইংল্যান্ড সফরে সাদা বলের সিরিজ। তাই খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ এড়ানোর জন্যই সতর্ক পদক্ষেপ নিতে চাইছে বোর্ড।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ জুন। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ইংল্যান্ড সফর রয়েছে।
বছরের শেষে জিম্বাবোয়ে সফরও রয়েছে ভারতের সূচিতে। ফলে টিম ম্যানেজমেন্ট আইপিএল থেকে উঠে আসা নতুন প্রতিভাদের টি-টোয়েন্টি সিরিজে পরীক্ষা করতে পারে বলেই জোর গুঞ্জন।
















