আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ২০২৬ শেষ হলেও সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে তাঁর বিয়ের খবর। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কাব্য বা  অনিরুদ্ধ কেউই মুখ খোলেননি।  তবে অনিরুদ্ধের পরিবারের এক সদস্যের মন্তব্যে সেই জল্পনা আরও জোরালো হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিরুদ্ধের কাকা ও অভিনেতা ওয়াই. জি. মহেন্দ্র জানান, তিনি শুনেছেন অনিরুদ্ধ ও কাব্য খুব শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তিনি বলেন, ''অনিরুদ্ধ খুবই শান্ত স্বভাবের ছেলে। কাব্য এত বড় একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি দক্ষতার সঙ্গে সামলাচ্ছে। বাবার ব্যবসায়িক দক্ষতাও রয়েছে ওর মধ্যে। আমার মনে হয়, ওরা একে অপরের জন্য উপযুক্ত জুটি।''

২০১১ সালে ভাইরাল গান ‘হোয়াই দিস কোলাভেরি ডি'-র মাধ্যমে সারা দেশে জনপ্রিয়তা পান অনিরুদ্ধ রবিচন্দর। একাধিক সুপারহিট ছবিতে সঙ্গীত পরিচালনা করেন অনিরুদ্ধ। 

অনিরুদ্ধের পরিবারও দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। তিনি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের আত্মীয়। 
অন্যদিকে, কাব্য মারান বিশিষ্ট শিল্পপতি কালানিধি মারানের কন্যা এবং সান টিভি নেটওয়ার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর। সানরাইজার্স হায়দরাবাদের পাশাপাশি তিনি এসএ২০ লিগের সানরাইজার্স ইস্টার্ন কেপ এবং দ্য হান্ড্রেড-এর সানরাইজার্স লিডস ফ্র্যাঞ্চাইজিরও মালিক।  

যদিও কাব্য ও অনিরুদ্ধর বিয়ের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে পরিবারের ঘনিষ্ঠ সদস্যের মন্তব্যের পর এই জুটি নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।