আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত কামব্যাক। তাও আবার দ্বিতীয়ার্ধে। ভারতীয় সময় শুক্রবার ভোরে এক গোলে পিছিয়ে থেকেও চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া। গুয়াডালাযারার এস্তাদিও আক্রনে পরিবর্ত ফুটবলার ওহ হিয়ন গিয়ুর ৮০ মিনিটের গোলে জেতে দক্ষিণ কোরিয়া। চার বিশ্বকাপ পর জয় দিয়ে শুরু করল সনরা। টানা ১১ বার বিশ্বকাপে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছে সন হিউন মিনরা। ২০ বছর পর বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায় চেক। এদিন প্রথমার্ধে কোরিয়ার যাবতীয় আক্রমণ রুখে দেয় চেকের রক্ষণ। এশিয়ার দলের ক্ষুরধার আক্রমণকে ভোঁতা করে দেয়। সবচেয়ে সহজ সুযোগ পান সন। তাঁর দূরপাল্লার শট বক্সের ওপর দিয়ে ভেসে যায়।
প্রথমার্ধে আগ্রাসী ফুটবল খেলে দক্ষিণ কোরিয়া। আটটি সুযোগের মধ্যে পাঁচটি পান প্রাক্তন টটেনহ্যাম স্টার। প্রথম ৪৫ মিনিট রক্ষণাত্মক ফুটবল খেলে চেক। গতির বিরুদ্ধে গিয়ে এগিয়ে যায় চেক। ম্যাচের ৫৯ মিনিটে ভ্লাদিমির কৌফলের লং থ্রো থেকে হেড করেন লাদিস্লাভ ক্রেজকি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। আট মিনিট পরই সমতা ফেরান হুয়ান ইন বিয়ম। ৭৭ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেক। ফ্রিকিক থেকে হেডে গোল করেন টমাস সৌচেক। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে মহেন্দ্রক্ষণ।
একেবারে শেষ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পায় চেক। কিন্তু দক্ষিণ কোরিয়ার গোলকিপার কিম সিয়াংয়ের দুর্দান্ত সেভ সেই যাত্রায় বাঁচিয়ে দেয়। শেষপর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। শেষ চার বিশ্বকাপের মধ্যে প্রথমবার জয় দিয়ে শুরু করল সনরা। ১৮ জুন পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি চেক। একই দিনে মেক্সিকোর বিরুদ্ধে নামবে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারায় মেক্সিকো।
















