আজকাল ওয়েবডেস্ক: পালাবদলের পর থেকে একাধিক পরিবর্তন হচ্ছে রাজ্যে। বাদ নেই ক্রীড়াক্ষেত্রও। যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরের 'অদ্ভুত' মূর্তি ভাঙা হয়েছে। স্টেডিয়াম থেকে সরানো হয়েছে বিশ্ববাংলার লোগো। বসেছে অশোক স্তম্ভ। লেকটাউনে লিওনেল মেসির মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার নিরাপত্তা কমানো হল সৌরভ গাঙ্গুলির। এতদিন পর্যন্ত 'জেড' ক্যাটাগরি নিরাপত্তা পেতেন। এবার থেকে পাবেন 'ওয়াই' ক্যাটাগরি নিরাপত্তা। অর্থাৎ, একধাপ কমল সৌরভের নিরাপত্তা। তিনদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে সৌরভকে জানিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কোনও আবেদন করছেন না।

রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে একটি নিরাপত্তা রিভিউ করা হয়েছে। কলকাতার সেরা সেলিব্রিটিদের তালিকায় অন্যতম সৌরভ। তবে একটা সময় প্রথমে 'ওয়াই' ক্যাটাগরি নিরাপত্তা পেতেন সৌরভ। ২০২৩ সালে সেই সময়সীমা পেরিয়ে যায়। তারপর নতুন করে রিভিউয়ের পর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল সরকার। সংশ্লিষ্ট সাল থেকেই সৌরভকে 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু সম্প্রতি একটি রিভিউ করা হয়েছে। তাতে দেশের প্রাক্তন অধিনায়কের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, সমীক্ষা করে দেখা গিয়েছে, প্রাণনাশ বা আরও গুরুতর হুমকির সম্ভাবনা নেই। সেই কারণেই একধাপ কমানো হল সৌরভের নিরাপত্তা। 

হাই-প্রোফাইল তারকাদের নিরাপত্তা প্রায়শই রিভিউ করে সরকারের এজেন্সিগুলো। ইন্টেলিজেন্স ইনপুট, হুমকির সম্ভাবনা এবং অন্যান্য দিক বিচার করা হয়। তাতে নির্ধারিত হয়, তারকাদের একই নিরাপত্তা থাকবে, না বাড়ানো বা কমানো হবে। এটা রুটিন প্রক্রিয়া। কয়েকদিন আগে আবার সেই প্রক্রিয়া হয়। তারপরই সৌরভের নিরাপত্তায় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিন বছর আগে আগের সরকার প্রাক্তন বোর্ড সভাপতির নিরাপত্তা বাড়িয়ে 'জেড' ক্যাটাগরি করেছিল। জানানো হয়েছিল, সৌরভের নিরাপত্তায় সর্বত্র আট থেকে দশজন পুলিশকর্মী নিয়োগ থাকবে। পালাবদলের কয়েকদিনের মধ্যেই নিরাপত্তা একধাপ কমানো হল। সেই কারণেই হয়ত বেশি চোখে লাগছে। প্রসঙ্গত, দীর্ঘ বছর ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ। তারপর ক্রিকেট প্রশাসনে আসেন। সিএবির সভাপতি নির্বাচিত হন। বিসিসিআইয়ের সভাপতি ছিলেন। কুলিং ডাউন পিরিয়ড কাটিয়ে আবার সিএবিতে ফেরেন। বর্তমানে বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ।