আজকাল ওয়েবডেস্ক: ভাগ্য করে কুড়িয়ে পাওয়া সুযোগ। কিন্তু ভারতীয় দলে অপ্রত্যাশিত ডাক পাওয়ার ঘটনাকে জীবনে সবচেয়ে বড় শিক্ষার মঞ্চ করতে পারেন সুরইয়ান্স সেজ। তরুণ ক্রিকেটারের মেন্টর এবং প্রাক্তন জাতীয় নির্বাচক যতীন পরাঞ্জপে মনে করেন, শ্রেয়স আইয়ার এবং শুভমন গিলের থেকে অনেক কিছু শিখতে পারবে সেজ। গত দেড় বছর ধরে সুরইয়ান্সকে কোচিং করাচ্ছেন প্রাক্তন ভারতীয় তারকা। মুম্বই এবং পাঞ্জাব কিংসে শ্রেয়সের অধীনে খেলেছেন তরুণ অলরাউন্ডার। তাঁর সঙ্গে সুসম্পর্ক আছে। পরাঞ্জপে বলেন, 'শ্রেয়স এবং শুভমনের থেকে অনেক কিছু শিখতে পারবে সুরইয়ান্স। কারণ দু'জনেই তরুণ অধিনায়ক। দু'জনেই সহানুভূতিশীল নেতা। ওরা ওর চাপ উপলব্ধি করবে। শ্রেয়স ওকে চেনে। ওর অধীনে খেলেছে। তাই কোনও অসুবিধা হবে না।'
পরাঞ্জপে মনে করছেন, হার্দিক পাণ্ডিয়া, নীতীশ কুমার রেড্ডির অনুপস্থিতিতে শুধুমাত্র টি-২০ নয়, একদিনের ক্রিকেটেও গিল তাঁকে সাহায্য করতে পারবে। পরাঞ্জপে বলেন, 'মূলত ওর বয়স কম। সদ্য অভিষেক হওয়া ক্রিকেটারের মনে কী চলে সেটা ও বুঝতে পারবে।'

সফর শুরু হবে দুটো টি-২০ দিয়ে। ২৬ জুন প্রথম ম্যাচ। ছাত্রকে বিশেষ উপদেশ দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। পরাঞ্জপে বলেন, 'ওকে স্পঞ্জের মতো হতে হবে। ড্রেসিংরুমে চ্যাম্পিয়নদের মধ্যে ওকে স্পঞ্জের ভূমিকা নিতে হবে। এই পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে ওকে মানিয়ে নিতে হবে। ভাগ্য করে এই সুযোগ পেয়েছে। ও নিজে সেটা মেনে নিয়েছে। ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমার বার্তা, সবসময় টিমম্যান হওয়ার চেষ্টা করো। অধিনায়কের মতো করে ভাবো। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করো।' এক বন্ধুর মাধ্যমে প্রথমে সেজের সঙ্গে আলাপ হয় তাঁর। সঙ্গে সঙ্গে বুঝে যান, এই ধরনের ক্রিকেটারদের জাতীয় দলে প্রয়োজন। অলরাউন্ডারদের প্রাধান্য দিচ্ছেন গৌতম গম্ভীর। তাই তরুণ ক্রিকেটারের কোচের আশা, দেশের জার্সিতে ইংল্যান্ডের মাটিতেই অভিষেক হতে পারে তাঁর ছাত্রের।















