আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়েসওয়ালের পর শুভমন গিল। লিডসে ভারতের জোড়া শতরান। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি। তাও আবার ইংল্যান্ডের মাটিতে। অনবদ্য রেকর্ড গিলের। বিরাট কোহলির যোগ্য উত্তরসূরি। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টের দুই ইনিংসে শতরান করেছিলেন কোহলি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই কীর্তি গড়েন। এদিন কোহলির শূন্যস্থান পূরণ করেন গিল। তাঁর ছেড়ে যাওয়া জুতোয় পা গলান। চার নম্বরে ব্যাট করতে নেমেই সফল। এর আগে টেস্টে ওপেন করেন শুভমন। তিন নম্বরেও ব্যাট করেন। কিন্তু চারে এই প্রথম। অনভ্যস্ত জায়গায় নেমেই শতরান। ১৪০ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান। 

অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে শতরান করার বেশ কয়েকটি নজির আছে। কোহলি ছাড়াও এই তালিকায় আছেন অ্যালিস্টার কুক, গ্রেগ চ্যাপেল, কেভিন পিটারসেন, সুনীল গাভাসকর, দীলিপ ভেঙ্গসরকর এবং বিজয় হাজারে। এবার এই ক্লাবে প্রবেশ করলেন গিল। ভারতীয় হিসেবে পঞ্চম। সার্বিকভাবে অষ্টম। চার নম্বরে কোহলির শূন্যস্থান কে পূরণ করবেন, সেই নিয়ে চর্চা চলছিল। প্রাক্তনদের পছন্দ ছিলেন শুভমন। গৌতম গম্ভীরেরও। চার নম্বরে নেমেই নিজের জায়গা পাকা করলেন ভারতের তরুণ অধিনায়ক। এদিন ক্রিজে নেমেই নিজের ইতিবাচক মনোভাব বুঝিয়ে দেন। টেস্ট মানসিকতায় ব্যাট করেননি। একদিনের ক্রিকেটের মেজাজে খেলেন। ৫৬ বলে অর্ধশতরান করেন। ইনিংসে ছিল ৮টি চার। প্রথম থেকেই স্বচ্ছন্দ দেখায় গিলকে। ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা করতে কোনও সমস্যা হয়নি।