আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টের টসে হার শুভমন গিলের। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন বেন স্টোকস। অর্থাৎ, প্রথমে ব্যাট করবে ভারত। হেডিংলিতে প্রথমদিন সুবিধা পায় পেসাররা। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট পাটা হয়ে যায়। তার ফায়দা তুলতে চায় ইংল্যান্ড। শুরুতেই অনভিজ্ঞ ভারতীয় ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চান স্টোকসরা। গিল জানান, টসে জিতলে তাঁরাও বল করার সিদ্ধান্ত নিতেন। শুভমন বলেন, 'আমরাও প্রথমে বল করতাম। তবে সূর্য উঠেছে। আশা করছি আমাদের জন্য ভাল ব্যাটিং ডে হবে।' টেস্টে অভিষেক হচ্ছে সাই সুদর্শনের। তিন নম্বরে ব্যাট করবেন তিনি। আগের দিন ঋষভ পন্থ জানিয়েছিলেন, এই পজিশনে কে খেলবে এখনও ঠিক করেনি ম্যানেজমেন্ট। কিন্তু শেষমেষ আইপিএলের ফর্মের ভিত্তিতে তিনে অভিষেক হতে চলেছে তরুণ ক্রিকেটারের। 

প্রথম একাদশে সুযোগ পেলেন শার্দূল ঠাকুর। তাঁর ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা অগ্রাধিকার পায়। তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন নীতিশ কুমার রেড্ডি। কিন্তু অবশেষে শার্দূলকেই বেছে নেওয়া হল। তিন পেসার এবং এক স্পিনার নিয়ে খেলছে টিম ইন্ডিয়া। দলে ফিরছেন করুণ নায়ার। ছয়ে ব্যাট করবেন তিনি। দলে বাকি কোনও চমক নেই। যশস্বী জয়েওয়ালের সঙ্গে ওপেন করবেন কেএল রাহুল। কয়েকদিন আগে ইংল্যান্ডের মাটিতে বেসরকারি টেস্টে ওপেন করতে নেমে শতরান করেছিলেন। তাই তাঁকেই ওপেনিংয়ে রাখা হয়। ভারতের তিনজন পেসার যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। অপেক্ষা দীর্ঘায়িত হল অর্শদীপ সিংয়ের। টসে বেন স্টোকস জানান, হেডিংলিতে শুরুতে উইকেট থেকে সাহায্য পায় পেসাররা। সেটাই কাজে লাগাতে চান তাঁরা।