আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকার লড়াই শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ১৫ আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু দু'টেস্টের সিরিজ। তার আগে ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ভারতের দুই তারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ইমপ্যাক্ট ইনজুরি হয় যশপ্রীত বুমরার। এবার ধীরে ধীরে বোলিং ওয়ার্কলোড বাড়ানোর কথা ভাবছেন ভারতের তারকা পেসার। অন্যদিকে ঘাড়ের ব্যথায় ভুগছেন শুভমন গিল। বিসিসিআইয়ের বাইরের বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন ভারত অধিনায়ক। ১৯ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচের আগে হাঁটু ফুলে যায় বুমরার। তবে বর্তমানে অনেকটাই ঠিক হওয়ার পথে। মেডিকেল টিমের ধারণা, গলে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন বুমরা। ফিটনেসের কথা মাথায় রেখেই তারকা পেসারকে শ্রীলঙ্কা সফরের দলে নেওয়া হয়েছে।
লাল বলের ক্রিকেটে পাঁচদিনের ধকল নিতে হবে। এবার টেস্টের জন্য বুমরাকে প্রস্তুত করা হচ্ছে। গতবছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছেন তারকা পেসার। মাঝে বেশিরভাগ টি-২০ ক্রিকেট খেলেন। এছাড়া গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র দুটো একদিনের ম্যাচ খেলেন। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আছেন বুমরা। বোর্ডের এক সূত্র বলেন, 'বুমরা এই সপ্তাহে বোলিং শুরু করবে। ধীরে ধীরে ওর ওয়ার্কলোড বাড়ানো হবে। ওকে লম্বা স্পেলে বল করায় আবার অভ্যস্ত হতে হবে। সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিম ওকে পর্যবেক্ষণে রাখবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওকে প্রথম টেস্টে পাওয়া যাবে। এই দুটো টেস্ট ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারমধ্যে একটা টেস্টে হারলে, পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে প্রশ্ন উঠে যাবে। সেই কারণেই সিরিজের আগে টিম ম্যানেজমেন্ট বুমরাকে পুরো ফিট এবং ফর্মে চায়।'
এদিকে বারবার ফিরে আসছে গিলের ঘাড়ের চোট। ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথমবার ব্যথা অনুভব করেন টেস্টে ভারতের নেতা। যার ফলে সিরিজের বাকি ম্যাচে থেকে ছিটকে যান গিল। সিরিজ ০-২ এ হারে ভারত। ঘাড়ের ব্যথায় জন্য আইপিএলের একটি ম্যাচও মিস করেন। বোর্ডের সূত্র বলেন, 'বেশ কয়েকদিন ধরেই গিল ঘাড়ের চোটে ভুগছে। মাঝেমধ্যেই সেটা উদ্রেক হয়। বিশেষ করে যখন লম্বা সময় ধরে ব্যাট করে। বিসিসিআইয়ের বাইরের বিশেষজ্ঞদেরও পরামর্শ নিচ্ছে। আগের তুলনায় ভাল আছে। এই প্রক্রিয়া চলবে। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারত ওর অনুপস্থিতি অনুভব করেছিল। সেই কারণেই ও খুব সতর্কতার সঙ্গে এই ট্রিটমেন্ট করাচ্ছে।' এদিকে চোট সারিয়ে ফিরবেন সাই সুদর্শনও। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ভারতের তিন নম্বর ব্যাটার। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আছেন। পরের সপ্তাহ থেকে ব্যাটিং শুরু করবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে সাইকে পাওয়ার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
















