আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ফিরছেন শুভমন গিল। বৃহস্পতিবার থেকে পুনেতে শুরু দ্বিতীয় টেস্ট। ঘাড়ের চোট সারিয়ে ফিরছেন তারকা ক্রিকেটার। বেঙ্গালুরুতে প্রথম টেস্টের একদিন আগেই জানা যায়, খেলতে পারবেন পা শুভমন। শেষমুহূর্তে সুযোগ পান সরফরাজ খান। হঠাৎ কুড়িয়ে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেন তরুণ ক্রিকেটার। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে শূন্যতে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ১৫০ রান করেন। তবে প্রথম টেস্টে গিলের অনুপস্থিতিতে ভুগতে হয়েছে দলকে। ৪৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে যা সর্বনিম্ন রান। এবার গিলের প্রত্যাবর্তনে বাউন্স ব্যাক করার লক্ষ্যে নামবেন রোহিতরা। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, 'আশা করছি ওকে পাওয়া যাবে। এইমুহূর্তে দেখে তেমনই মনে হচ্ছে। তবে হালকা একটা অসুবিধা এখনও আছে। বেঙ্গালুরুতে নেটে বেশ কিছুক্ষণ একটানা ব্যাট করেছে। আমার মনে হয়, দ্বিতীয় টেস্টে খেলতে পারবে।'

প্রথম টেস্টে ৮ উইকেটে জেতে নিউজিল্যান্ড। এই হার ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নে ধাক্কা খেয়েছে। ঘরের মাঠে কিউয়িদের হোয়াইটওয়াশ করতে পারলেই ফাইনালের ছাড়পত্র নিশ্চিত হয়ে যেত। সেক্ষেত্রে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অপেক্ষা করতে হত না। খোলা মনে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজে নামতে পারতেন রোহিতরা। কিন্তু প্রথম টেস্ট হারায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এখনও অন্তত তিনটে টেস্ট জিততে হবে রোহিতদের। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট জিততে মরিয়া থাকবে ভারতীয় দল। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় একটি মাত্র টেস্ট জিতলেই ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে। শুভমন গিল, ঋষভ পন্থরা চোটমুক্ত হয়ে ফেরায়, টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তনের সম্ভাবন বাড়বে।