আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক হিসেবে অভিষেকের আগে আচমকা নিজের সোশ্যাল মিডিয়ায় বড় পরিবর্তন আনলেন শ্রেয়স আইয়ার। বদলে দিলেন নিজের ইনস্টাগ্রামের বায়ো। তাতেই ঘাবড়ে যায় ভক্তরা। আচমকা হল কী নতুন অধিনায়কের! নিজের প্রোফাইলে দ্বিতীয় জন্মের তারিখ উল্লেখ করলেন। তাতে লেখা ২৫.১২.২০২৫। এর রহস্য ভেদ করতে কোমর বেঁধে নেমে পড়ে ফ্যানরা। যদিও এই প্রসঙ্গে কিছু জানা যায়নি। শেষমেশ একজন ভক্ত শ্রেয়সের জীবনে এই তারিখের তাৎপর্যের কথা জানান। তিনি উল্লেখ করেন, এই দিনেই চোট সারিয়ে আবার ব্যাট হাতে তুলে নেন শ্রেয়স।
সংশ্লিষ্ট ভক্ত লেখে, 'জীবনঘাতী চোটের পর ২৫.১২.২০২৫ তারিখে আবার ব্যাট হাতে তুলে নেন শ্রেয়স আইয়ার। শুধুমাত্র ক্রিকেটে প্রত্যাবর্তন নয়, জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা। সেই জন্য হয়ত ২৫ তারিখ তাঁর হৃদয়ের এত কাছে। সেই কারণেই নিজের বায়োতে দিনটির উল্লেখ করেছেন। শ্রেয়স আইয়ার আরও আধ্যাত্মিক হয়ে গিয়েছেন। নিজের বিশ্বাস থেকে শক্তি সঞ্চয় করেন। ওর যাত্রা বুঝিয়ে দেয়, বিশ্বাস, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম একইসঙ্গে চলে।'
আগের মাসে সূর্যকুমার যাদবের পরিবর্তে টি-২০ ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারকে বেছে নেওয়া হয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ দিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বে হাতেখড়ি হবে মুম্বইকরের। ফেভারিট হিসেবেই শুরু করবে টিম ইন্ডিয়া। এই সিরিজে বিশেষ নজর থাকবে বৈভব সূর্যবংশীর দিকে। টি-২০ তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮-০ তে এগিয়ে ভারত। ২০২৪ টি-২০ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয় দুই দেশ। ২০০৭ সালের পর প্রথমবার স্টরমন্টে আন্তর্জাতিক ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। জয়সূচক ধারা অব্যাহত রাখতে চাইবে। চলতি বছর সংক্ষিপ্ত ফরম্যাটে ১৪ ম্যাচের মধ্যে ১২টিতে জিতেছে ভারত। আয়ারল্যান্ডের পর শ্রেয়সের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।















