আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হার মেনেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। দলের হারের পর থেকে ভক্ত-সমর্থকদের সমালোচনায় ক্ষতবিক্ষত ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তাঁর বন্ধু, দেশের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান মনে করেন নিউজিল্যান্ডের কাছে ভারত হার মানলেও 'গেল গেল' রব তোলার কিছু হয়নি। একটা সিরিজ হেরে যাওয়ায় রোহিতকে নিয়ে প্রশ্ন করা সমীচীন নয় বলেই মনে করেন ধাওয়ান।
শিখর ধাওয়ানকে বলতে শোনা গিয়েছে, ''যে চাপের কথা বলা হচ্ছে, তা কিন্তু আমরা অনুভব করছি না। খেলায় চাপ থাকলেও আমরা হার বা জয় নিয়ে চিন্তা করি না। এটা তো খেলারই অঙ্গ।''
কিউয়িদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে রোহিতের ব্যাট কথা বলেনি। তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। বৃষ্টিভেজা বেঙ্গালুরুতে টস জিতে কেন ব্যাট নিয়েছিলেন, সেই প্রশ্ন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। ২০১২ সালের পরে ঘরের মাঠে প্রথম হার মানতে হল ভারতীয় দলকে। শিখর ধাওয়ান ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলছেন, '' রোহিত একজন সুদক্ষ নেতা। শুধু জয়-পরাজয় দিয়ে সব ব্যাখ্যা করা যায় না। একজন নেতার সঙ্গে দলের প্রত্যেকের সঙ্গে বন্ধন থাকে, দলের যোগাযোগ থাকে ক্যাপ্টেনের সঙ্গে। অধিনায়ককে কীভাবে দেখছে তাঁর সতীর্থরা। সেগুলোও একটা ব্যাপার।''
নিউজিল্যান্ডের কাছে হার মানলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারত ভাল করবে বলেই বিশ্বাস করেন শিখর ধাওয়ান। তিনি বলছেন, ''অস্ট্রেলিয়ায় ভারত ভাল ফলাফল করবে। রোহিত শর্মা প্রথম ম্যাচ খেলবে কিনা তা স্থির হয়নি তবে রোহিত না খেললে ওর অভিজ্ঞতা এবং উপস্থিতি মিস করবে ভারত। আমি নিশ্চিত ছেলেরা ভাল পারফর্ম করবে অস্ট্রেলিয়ার মাটিতে।''
