আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ। দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাপুর জাদরান।
প্রাক্তন ক্রিকেটারকে জরুরি ভিত্তিতে কয়েক বোতল রক্ত দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আফগান ক্রিকেটারের ভাই ঘামাই জাদরান সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে রক্ত দেওয়ার আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত, আফগানিস্তানের এই প্রাক্তন বাঁহাতি জোরে বোলার বিরল হেমোফাগোসাইটিক লিম্ফোহিস্টিয়োসাইটোসিস বা এইচএলএইচ রোগে আক্রান্ত। গত জানুয়ারি থেকে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এই রোগে এমনিতেই বাঁচার আশা কম। জাদরান রয়েছেন রোগের চতুর্থ পর্যায়ে। তাঁর মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাই লিখেছেন, ‘দাদা শাপুর জাদরান দেশের অন্যতম জাতীয় নায়ক। তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। আপনারা আমাদের জাতীয় নায়কের জন্য প্রার্থনা করুন। আমরা সকলে লড়াই করছি। তিনি বেশ সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। দ্রুত রক্তের প্রয়োজন। দিল্লিতে যদি আমাদের কোনও বন্ধু বসবাস করেন, তাহলে দয়া করে এগিয়ে আসুন। এ পজিটিভ গ্রুপের রক্ত প্রয়োজন। দয়া করে দ্বিধা না করে আমাদের জাতীয় নায়কের জীবন বাঁচাতে এগিয়ে আসুন।’ এটা ঘটনা, জাদরানের গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। ত্বকেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল জাদরানের। ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাদরান। তার মধ্যে ৪৪টি ওয়ানডে ম্যাচ এবং ৩৬টি টি–২০ ম্যাচ। ওয়ানডে ক্রিকেটে ৪৩টি এবং টি–২০ ক্রিকেটে ৩৭টি উইকেট রয়েছে। সেই ক্রিকেটারই এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
















