আজকাল ওয়েবডেস্ক: আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আর তার পরই লাল-হলুদ ছেড়ে পড়শি ক্লাবে নাম লিখিয়েছেন তারকা ফুটবলার।
আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ছেড়ে এবার মোহনবাগানে যোগ দিলেন তরুণ ফুটবলার সায়ন ব্যানার্জি। আগামী মরশুমে তাঁকে সবুজ-মেরুন জার্সিতেই মাঠে নামতে দেখা যাবে।
গত মরশুমে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেললেও আইএসএলে নিয়মিত সুযোগ পাননি সায়ন। কোচ অস্কার ব্রুজোঁর পরিকল্পনায় তিনি প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি, এমনকি আইএসএলের কোনও ম্যাচে পরিবর্ত হিসেবেও মাঠে নামার সুযোগ মেলেনি। পর্যাপ্ত গেম টাইমের অভাবই তাঁর ক্লাব পরিবর্তনের অন্যতম কারণ?
এদিকে মোহনবাগান ইতিমধ্যেই কলকাতা ফুটবল লিগের প্রস্তুতি শুরু করার কথা ঘোষণা করেছে। বুধবার থেকে দলের অনুশীলন শুরু হওয়ার কথা এবং দলের দায়িত্বে থাকবেন বাস্তব রায়। কলকাতা লিগকে সামনে রেখেই সায়নকে দলে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
তবে প্রশ্ন থেকে যাচ্ছে, মোহনবাগানের সিনিয়র দলে কি জায়গা করে নিতে পারবেন সায়ন? কলকাতা লিগে তাঁর খেলা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। কিন্তু সিনিয়র স্কোয়াডে নিয়মিত সুযোগ পাওয়া কতটা সম্ভব, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।
উল্লেখ্য, কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে ইস্টবেঙ্গলের হয়ে সিনিয়র দলে সুযোগ পেয়েছিলেন সায়ন। কলকাতা ডার্বিতে তাঁর সঙ্গে দিমিত্রি পেত্রাতোসের উত্তপ্ত মুহূর্ত এখনও সমর্থকদের মনে রয়েছে। এছাড়াও পাঞ্জাব এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ গোল করে নজর কেড়েছিলেন তিনি। সেই গোলের পর কুয়াদ্রাতের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
কিন্তু কুয়াদ্রাতের বিদায়ের পর ধীরে ধীরে সিনিয়র দলের বাইরে চলে যান সায়ন। নতুন কোচিং সেট-আপে আর নিয়মিত সুযোগ পাননি তিনি। আইএসএল শিরোপা জয়ের পরই সায়নের পথ আলাদা হয়ে যায়।
এখন দেখার, মোহনবাগানের সবুজ-মেরুন শিবিরে নতুন অধ্যায় শুরু করে সায়ন ব্যানার্জি নিজেকে কতটা প্রমাণ করতে পারেন।
মোহনবাগানের জার্সিতে কলকাতা লিগে খেলতে দেখা যাবে সায়নকে। তবে সিনিয়র দলে তিনি জায়গা পাবেন কিনা তা নিয়ে সন্দেহ কিন্তু থেকেই গেল।















