আজকাল ওয়েবডেস্ক: ডার্বির আগে বড় ধাক্কা। ইস্টবেঙ্গলের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন সল ক্রেসপো। অর্থাৎ, মোহনবাগান এবং ইন্টার কাশি ম্যাচে স্প্যানিশ তারকাকে ছাড়াই খেলতে হবে অস্কার ব্রুজোকে। জানা গিয়েছে, কাফ মাসেলে চোট রয়েছে সলের।

চোট এতটাই গুরুতর, মরশুমের বাকি দুই ম্যাচেও খেলার সম্ভাবনা নেই। তবে দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোটের কথা আগে থেকে জানা যায়নি। শোনা গিয়েছে, পাঞ্জাব এফসির বিরুদ্ধে শুরুতে প্রথম একাদশে রাখা হয়েছিল ক্রেসপোকে। তিনি দলের সঙ্গে মাঠেও এসেছিলেন। কিন্তু ওয়ার্ম আপের পর পায়ে ব্যথা অনুভব করেন। সেটা জানান কোচকে। তারপর আর তাঁকে দলের রাখার কোনও ঝুঁকি নেওয়া হয়নি। মঙ্গলবার সকালে চোটের জায়গায় স্ক্যান হয়। তারপরই জানা যায়, মরশুমের শেষ দুই ম্যাচে নেই। 

ডার্বিতে সলের না থাকা বড় ধাক্কা। আক্রমণে সাহায্য করার পাশাপাশি রক্ষণাত্মক মিডিওর ভূমিকাও পালন করতে পারেন। মাঝমাঠে অনেকটা জায়গা জুড়ে খেলেন। নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। গোল করারও ক্ষমতা রাখেন। গত দুই মরশুমে ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি জয়ের কান্ডারী। খেতাবের এত কাছে এসে, স্প্যানিশ তারকাকে না পাওয়া বড় ক্ষতি ইস্টবেঙ্গলের। মাঝে মিগুয়েল, রশিদ না থাকায় একটানা খেলানো হয় ক্রেসপোকে। হয়ত সেই কারণেই চোট। তবে এই ধাক্কা সামলে খেতাব লড়াইয়ে এগিয়ে যেতে চান অস্কার। পাঞ্জাব ম্যাচের শেষে জানিয়ে দেন, চ্যাম্পিয়ন না হতে পারলেও প্রথম দুইয়ে শেষ করাই লক্ষ্য। কারণ, পাখির চোখ এএফসি কাপ। পরিস্থিতি যা তাতে বড় কোনও অঘটন না ঘটলে প্রথম দুইয়ে শেষ করার সম্ভাবনা উজ্জ্বল লাল হলুদের।